ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে ফল-২০২৬ সেমিস্টারের নিয়মিত মাস্টার্স (এমএসসি) প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু হয়েছে। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করা যোগ্য শিক্ষার্থীরা এ প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
প্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিষয়ে উচ্চতর শিক্ষা, গবেষণা এবং আধুনিক প্রযুক্তিগত দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করতে এ মাস্টার্স প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। বিভাগ জানিয়েছে, এই প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা উন্নত প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনভিত্তিক জ্ঞান অর্জনের সুযোগ পাবেন।
আবেদনের যোগ্যতা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের এই মাস্টার্স প্রোগ্রামে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের নির্ধারিত কিছু যোগ্যতা পূরণ করতে হবে।
আবেদনকারীদের সিএসই, কম্পিউটার সায়েন্স (সিএস), কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (সিই), ইনফরমেশন টেকনোলজি (আইটি), ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই), ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই), সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং (এসই), গণিত, পরিসংখ্যান, পদার্থবিজ্ঞান, রোবোটিকস ও মেকাট্রনিকস-সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
এ ছাড়া আবেদনকারীর ডিগ্রি অবশ্যই ইউজিসি অনুমোদিত কোনো পাবলিক বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি হতে হবে।
স্নাতক পর্যায়ের ফলাফলের ক্ষেত্রে ৪.০০ স্কেলে ন্যূনতম সিজিপিএ ৩.২৫ থাকতে হবে। তবে এ প্রোগ্রামে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের বয়স বা শিক্ষাবর্ষসংক্রান্ত কোনো সীমাবদ্ধতা নেই।
গবেষণা ও উচ্চশিক্ষার সুযোগ
ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক হাফিজ মুহম্মদ হাসান বলেন, প্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে উচ্চতর শিক্ষা ও গবেষণার সুযোগ সম্প্রসারণে এই এমএসসি প্রোগ্রামের গুরুত্ব রয়েছে।
তিনি বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা এই প্রোগ্রামের মাধ্যমে আধুনিক প্রযুক্তি ও গবেষণাভিত্তিক জ্ঞান অর্জনের সুযোগ পাবেন। পাশাপাশি আন্তর্জাতিক মানের গবেষণায় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষতা আরও উন্নত করতে পারবেন।
তিনি আরও জানান, এই এমএসসি প্রোগ্রামের টিউশন ফি ও অন্যান্য একাডেমিক ব্যয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের নিয়মিত শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ব্যয়ের অনুরূপ হবে।
ভর্তি পরীক্ষার সময়সূচি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ফল-২০২৬ সেমিস্টারের মাস্টার্স প্রোগ্রামে ভর্তির গুরুত্বপূর্ণ সময়সূচি হলো—
আবেদনের শেষ তারিখ: ৩০ জুন ২০২৬
প্রবেশপত্র ডাউনলোড: ৩ জুলাই ২০২৬
ভর্তি পরীক্ষা: ১০ জুলাই ২০২৬
ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ: ১ সেপ্টেম্বর ২০২৬
আগ্রহী প্রার্থীরা বিস্তারিত তথ্য ও অনলাইনে আবেদন করতে পারবেন বিভাগের নির্ধারিত ওয়েবসাইটে: msadmission.cse.du.ac.bd