ঢাকা

পরীক্ষার মানে সমতা আনতে এসএসসি-এইচএসসিতে অভিন্ন প্রশ্নপত্র: শিক্ষামন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
দেশের সব সাধারণ শিক্ষা বোর্ডে এখন থেকে এসএসসি পরীক্ষায় একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে। একই নিয়ম অনুসরণ করা হবে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ক্ষেত্রেও। এতদিন পর্যন্ত দেশের শিক্ষা বোর্ডগুলো এসএসসি ও এইচএসসি পরীক্ষায় পৃথক প্রশ্নপত্র ব্যবহার করে আসছিল।

বৃহস্পতিবার (তারিখ) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

আসন্ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) এবং ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’-এর চূড়ান্ত অনুষ্ঠান নিয়ে তথ্য জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এক প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার পক্ষে যুক্তি

শিক্ষামন্ত্রী বলেন, সারা দেশে একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে কোনো কোনো শিক্ষা বোর্ডে তুলনামূলক সহজ এবং কোনো কোনো বোর্ডে তুলনামূলক কঠিন প্রশ্ন তৈরি হওয়ার সুযোগ থাকে। এতে পরীক্ষার্থীদের মধ্যে বৈষম্য তৈরি হতে পারে।

তিনি বলেন, “এক বাংলাদেশে এসএসসি বা এইচএসসি পরীক্ষা ভিন্ন প্রশ্নে হতে পারে না।” একই প্রশ্নপত্রে বিশ্বের বিভিন্ন দেশে ইংরেজি মাধ্যমের ‘ও’ লেভেল ও ‘এ’ লেভেল পরীক্ষা নেওয়ার উদাহরণ তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের পাবলিক পরীক্ষাতেও একই ধরনের ব্যবস্থা থাকা প্রয়োজন।

শিক্ষামন্ত্রী আরও জানান, অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার মাধ্যমে পরীক্ষার মান ও মূল্যায়ন ব্যবস্থায় সামঞ্জস্য আনা সম্ভব হবে।

এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সবার সহযোগিতায় পরীক্ষা আয়োজন করা সম্ভব হয়েছে এবং কোনো ধরনের প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি।

তিনি বলেন, এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ২০ জুলাই।

সেশনজট কমাতে আগাম পরীক্ষার সূচি

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের সেশনজট কমানোর লক্ষ্যে সিলেবাস শেষ হওয়ার পরপরই এসএসসি ও এইচএসসি পরীক্ষা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে পরীক্ষার সময়সূচি আগেই ঘোষণা করা হচ্ছে।

তিনি জানান, এক বছর আগেই এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি প্রকাশ করা হয়েছে, যাতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা আগাম প্রস্তুতি নিতে পারেন।

এরই ধারাবাহিকতায় ২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু হবে ৭ জানুয়ারি এবং একই বছরের এইচএসসি পরীক্ষা শুরু হবে ৬ জুন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যারা

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অভিন্ন প্রশ্নপত্র ব্যবস্থার মাধ্যমে দেশের পাবলিক পরীক্ষায় সমতা, স্বচ্ছতা ও মূল্যায়নের মান আরও উন্নত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স