ঢাকা

অসাধারণ শিক্ষাদানের স্বীকৃতি হিসেবে অ্যাডাম স্মিথ বিজনেস স্কুলের পুরস্কার আলতাফ রাসেলের ঝুলিতে

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
যুক্তরাজ্যের University of Glasgow–এর Adam Smith Business School থেকে ‘টিচিং এক্সেলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছেন বাংলাদেশি পিএইচডি গবেষক আলতাফ রাসেল। অর্থনীতি বিষয়ে পাঠদানে অসামান্য অবদান, শিক্ষার্থীকেন্দ্রিক শিক্ষণপদ্ধতির প্রয়োগ এবং একাডেমিক পরিবেশ উন্নয়নে ভূমিকার স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়েছে।

১৮ জুন অনুষ্ঠিত ‘কলিগ এক্সেলেন্স অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে আলতাফ রাসেলের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ও শিক্ষার মানোন্নয়নে যাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, তাঁদের স্বীকৃতি দিতে এ আয়োজন করা হয়।

আলতাফ রাসেল বর্তমানে ইউনিভার্সিটি অব গ্লাসগোর অ্যাডাম স্মিথ বিজনেস স্কুলে অর্থনীতি বিষয়ে পিএইচডি গবেষণার পাশাপাশি পাঠদানের সঙ্গে যুক্ত রয়েছেন। অর্থনীতির জটিল বিষয়গুলো শিক্ষার্থীদের কাছে সহজবোধ্য ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন, কার্যকর শ্রেণিকক্ষ পরিবেশ তৈরি এবং আধুনিক শিক্ষণপদ্ধতি ব্যবহারের জন্য তিনি এই পুরস্কার অর্জন করেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের স্বীকৃতি অনুযায়ী, ‘টিচিং এক্সেলেন্স অ্যাওয়ার্ড’ মূলত এমন শিক্ষকদের দেওয়া হয়, যাঁরা শিক্ষার্থীদের শেখার অভিজ্ঞতা সমৃদ্ধ করতে ধারাবাহিকভাবে কাজ করছেন। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে চালু হওয়া এই পুরস্কারের মাধ্যমে পাঠদানে উদ্ভাবন, শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতিতে অবদান এবং শ্রেণিকক্ষে ইতিবাচক প্রভাব তৈরির বিষয়গুলো মূল্যায়ন করা হয়।

পুরস্কারের জন্য প্রার্থীদের পাঠ পরিকল্পনা, শ্রেণিকক্ষ পরিচালনার দক্ষতা, সহকর্মীদের মূল্যায়ন এবং শিক্ষার্থীদের শেখার ওপর তাঁদের প্রভাব বিবেচনা করা হয়। এসব মানদণ্ডে আলতাফ রাসেলের শিক্ষাদান পদ্ধতি ও অবদানকে বিশেষভাবে মূল্যায়ন করা হয়েছে।

এ অর্জন সম্পর্কে আলতাফ রাসেল বলেন, তিনি তাঁর সহকর্মী ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞ। তাঁর মতে, এই পুরস্কার শুধু ব্যক্তিগত অর্জন নয়; বরং মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং শিক্ষাদান পদ্ধতির ধারাবাহিক উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি।

তিনি আরও বলেন, একজন শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের শেখার আগ্রহ তৈরি করা, তাদের চিন্তাশক্তি বিকাশে সহায়তা করা এবং জ্ঞানকে বাস্তব জীবনের সঙ্গে যুক্ত করার চেষ্টা তাঁর মূল লক্ষ্য।

বাংলাদেশি শিক্ষার্থী ও গবেষকদের আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের ধারাবাহিকতায় আলতাফ রাসেলের এই অর্জন নতুন এক উদাহরণ তৈরি করেছে। যুক্তরাজ্যের একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুল থেকে শিক্ষকতায় এই স্বীকৃতি তাঁর গবেষণা ও একাডেমিক যাত্রায় গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স