ঢাকা

বিদেশ থেকে ষড়যন্ত্রের চেষ্টা হলে জনগণ জবাব দেবে: গণ অধিকার পরিষদ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
বিদেশে অবস্থানরত পলাতক নেতাদের কথায় উসকানিতে পা না দিতে আওয়ামী লীগের সাধারণ কর্মীদের প্রতি সতর্কবার্তা দিয়েছে গণ অধিকার পরিষদ। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, কোনো ধরনের নৈরাজ্য বা সহিংস কর্মকাণ্ডে জড়ালে সংশ্লিষ্টদের কঠোর পরিস্থিতির মুখোমুখি হতে হবে।

সোমবার (২২ জুন) রাতে রাজধানীতে আয়োজিত এক বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুন এ হুঁশিয়ারি দেন।

পল্টনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে’ শিরোনামে সোমবার রাত ৮টার দিকে রাজধানীর পল্টনে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি পল্টন মোড় ও জাতীয় প্রেসক্লাব এলাকা প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

সমাবেশে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুন বলেন, আওয়ামী লীগের যেসব সাধারণ কর্মী বর্তমানে শান্তিপূর্ণভাবে আছেন, তারা যেন কোনো ধরনের উসকানিতে সাড়া না দেন।

তিনি বলেন, বিদেশে পলাতক নেতাদের নির্দেশনা বা উসকানিতে কোনো কর্মকাণ্ডে জড়ালে সংশ্লিষ্টরা শান্তিতে থাকতে পারবেন না।

নৈরাজ্য প্রতিহতের হুঁশিয়ারি

হাসান আল মামুন অভিযোগ করেন, জুলাই গণ–অভ্যুত্থানের সময় আওয়ামী লীগ দুই হাজার মানুষকে হত্যা করেছে। তাঁর দাবি, দলটি আবারও বাসে অগ্নিসংযোগ বা নৈরাজ্য সৃষ্টি করে সাধারণ মানুষের ক্ষতি করার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে।

তিনি বলেন, আওয়ামী লীগকে ‘জঙ্গি সংগঠন’ আখ্যা দিয়ে দলটির রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেন। পাশাপাশি দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে তা শক্তভাবে মোকাবিলা করা হবে বলেও জানান তিনি।

এ সময় তিনি ২৩ জুন মঙ্গলবার সারা দেশে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির ঘোষণা দেন।

প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান

সমাবেশে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।

তিনি দাবি করেন, মঙ্গলবার সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য দলটি গোপন প্রস্তুতি নিচ্ছে—এমন তথ্য তাদের কাছে রয়েছে। এ বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

একই সঙ্গে গণ–অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোকেও মাঠে সক্রিয় থাকার আহ্বান জানান আবু হানিফ।

নেতাদের বক্তব্য

গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি নিজামউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আবদুর রহমান, যুব অধিকার পরিষদের সবুজ সেরনিয়াবাত এবং মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক নুরুল করিম শাকিলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

বক্তারা দেশের রাজনৈতিক পরিস্থিতিতে সহিংসতা ও নৈরাজ্য এড়িয়ে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স