ঢাকা

দিল্লি বিমানবন্দরকাণ্ডে ভারতের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় বাংলাদেশ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লি বিমানবন্দরে যাত্রা অব্যাহত রাখতে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ভারতের দেওয়া ব্যাখ্যায় অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত ও হতাশাজনক বলে উল্লেখ করেছে।

বুধবার এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে, তা বাংলাদেশের কাছে গ্রহণযোগ্য বা সন্তোষজনক মনে হয়নি।

তিনি জানান, জাহেদ উর রহমান যে ভারত মহাসাগরীয় উপকূলীয় দেশগুলোর জোট (আইওআরএ)-এর বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে যাচ্ছিলেন, সে তথ্য কূটনৈতিক মাধ্যমে আগেই ভারতকে জানানো হয়েছিল। প্রয়োজনীয় আনুষ্ঠানিক অবহিতকরণের পরও বিমানবন্দরে তাঁর সঙ্গে এমন আচরণ হওয়া দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি।

চলতি মাসে অনুষ্ঠিত আইওআরএর একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে জাহেদ উর রহমানের দিল্লি হয়ে গন্তব্যে যাওয়ার কথা ছিল। তবে দিল্লি বিমানবন্দরে তাঁকে পরবর্তী যাত্রা চালিয়ে যেতে বাধা দেওয়া হয়, যা পরে দুই দেশের কূটনৈতিক আলোচনার বিষয় হয়ে ওঠে।

এদিকে, ভারতের পক্ষ থেকে বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে করা মন্তব্য সম্পর্কেও প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, নিজ নিজ দেশের সব নাগরিকের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা প্রতিটি রাষ্ট্রের দায়িত্ব। বিশেষ করে সংখ্যালঘু জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করাও সেই দায়িত্বের গুরুত্বপূর্ণ অংশ।

তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার ধর্ম, বর্ণ বা সম্প্রদায় নির্বিশেষে দেশের সব নাগরিকের নিরাপত্তা ও সাংবিধানিক অধিকার রক্ষায় দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং এ বিষয়ে সরকারের অবস্থান অপরিবর্তিত রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স