ঢাকা

মেটার ফেলোশিপে পিএইচডি গবেষণার সুযোগ, থাকছে দুই বছরের পূর্ণ সহায়তা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
বিশ্বের বিভিন্ন দেশের পিএইচডি শিক্ষার্থীদের জন্য গবেষণা ফেলোশিপের সুযোগ দিচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। ‘মেটা রিসার্চ পিএইচডি ফেলোশিপ ২০২৬-২৭’ কর্মসূচির আওতায় নির্বাচিত গবেষকরা দুই বছরের জন্য পূর্ণ অর্থায়ন পাবেন।

এই ফেলোশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের টিউশন ফি, একাডেমিক খরচ, জীবনযাপনের ব্যয় এবং গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। পাশাপাশি মেটার গবেষকদের সঙ্গে কাজ ও যোগাযোগের সুযোগও পাবেন ফেলোরা।

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এ ফেলোশিপের আবেদন শুরু হবে আগামী ৩ আগস্ট ২০২৬ থেকে। আবেদন গ্রহণের শেষ সময় ২০ সেপ্টেম্বর ২০২৬।

কারা আবেদন করতে পারবেন

মেটা রিসার্চ পিএইচডি ফেলোশিপে আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের পূর্ণকালীন পিএইচডি প্রোগ্রামের শিক্ষার্থী হতে হবে।

ফেলোশিপটি পিএইচডির যেকোনো বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। আবেদনকারীর জাতীয়তা বা দেশের ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা রাখা হয়নি। বিশ্বের যেকোনো দেশের যোগ্য শিক্ষার্থী এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন।

আবেদনকারীদের অবশ্যই এক বা একাধিক চলমান গবেষণা প্রকল্পের সঙ্গে যুক্ত থাকতে হবে। গবেষণা প্রস্তাবের মান, গবেষণার সম্ভাব্য প্রভাব এবং গবেষণার গুরুত্বের ভিত্তিতে আবেদন মূল্যায়ন করা হবে।

তবে কোনো শিক্ষার্থী যদি ইতোমধ্যে ফেসবুক বা মেটার অন্য কোনো অনুদান বা আর্থিক সহায়তা পেয়ে থাকেন, তাহলে তিনি এই ফেলোশিপের জন্য অযোগ্য হিসেবে বিবেচিত হবেন।

নির্বাচিত ফেলোরা যা পাবেন

মেটা রিসার্চ পিএইচডি ফেলোশিপে নির্বাচিত শিক্ষার্থীদের জন্য থাকছে বিভিন্ন ধরনের আর্থিক ও গবেষণা সুবিধা।

সুবিধাগুলোর মধ্যে রয়েছে—

দুই বছরের পূর্ণ টিউশন ফি ও অন্যান্য একাডেমিক ফি প্রদান;
বছরে ৪২ হাজার মার্কিন ডলার স্টাইপেন্ড;
জীবনযাপনের ব্যয়ের জন্য আর্থিক সহায়তা;
আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের খরচ;
মেটার বার্ষিক ফেলোশিপ সামিটে অংশ নেওয়ার সুযোগ;
মেটার গবেষকদের সঙ্গে কাজ ও পেশাগত যোগাযোগ তৈরির সুযোগ।
আবেদন মূল্যায়নে গুরুত্ব পাবে গবেষণা প্রস্তাব

ফেলোশিপ কর্তৃপক্ষ জানিয়েছে, আবেদনকারীদের গবেষণা প্রস্তাবের গুণগত মান, গবেষণার সম্ভাব্য প্রভাব এবং সুপারিশপত্রের ওপর ভিত্তি করে চূড়ান্ত নির্বাচন করা হবে।

আবেদনের সঙ্গে দুটি সুপারিশপত্র জমা দিতে হবে। এর মধ্যে একটি অবশ্যই আবেদনকারীর গবেষণা তত্ত্বাবধায়কের (সুপারভাইজার) কাছ থেকে হতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে দুটি সুপারিশপত্র জমা না দিলে আবেদন পরবর্তী মূল্যায়নের জন্য বিবেচিত হবে না।

গুরুত্বপূর্ণ সময়সূচি

মেটা রিসার্চ পিএইচডি ফেলোশিপ ২০২৬-২৭-এর সময়সূচি—

আবেদন শুরু: ৩ আগস্ট ২০২৬
আবেদন শেষ: ২০ সেপ্টেম্বর ২০২৬
সুপারিশপত্র জমার শেষ সময়: ৬ অক্টোবর ২০২৬
আবেদন মূল্যায়ন শুরু: ১১ অক্টোবর ২০২৬
ফল প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৭
বিজয়ীদের আনুষ্ঠানিক ঘোষণা: ৩১ জানুয়ারি ২০২৭-এর মধ্যে
যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন করার সময় নিজেদের গবেষণার সঙ্গে সবচেয়ে সামঞ্জস্যপূর্ণ গবেষণা ক্ষেত্র নির্বাচন করতে হবে।

আবেদনকারীদের গবেষণা প্রকল্পের বিস্তারিত তথ্য, গবেষণা প্রস্তাব এবং প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে। পাশাপাশি দুটি সুপারিশপত্রও নির্ধারিত সময়ের মধ্যে পাঠাতে হবে।

মেটা জানিয়েছে, পিএইচডি গবেষণায় নতুন উদ্ভাবন, প্রযুক্তিগত অগ্রগতি এবং বৈজ্ঞানিক গবেষণায় অবদান রাখতে সক্ষম শিক্ষার্থীদের উৎসাহিত করাই এই ফেলোশিপের মূল উদ্দেশ্য।

আবেদনের শেষ তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৬।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স