ঢাকা

বাংলাদেশ ইউনিভার্সিটিতে পুঁজিবাজার বিষয়ক কর্মশালা, অংশ নিলেন শিক্ষক-শিক্ষার্থীরা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
শিক্ষার্থীদের মধ্যে পুঁজিবাজার সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা তৈরি, বিনিয়োগ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের দায়িত্বশীল বিনিয়োগকারী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) ‘পুঁজিবাজার পর্যালোচনা: আগামী প্রজন্মের বিনিয়োগকারীদের ক্ষমতায়ন’ শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার (২৪ জুন ২০২৬) বিকেলে বিশ্ববিদ্যালয়ের হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়। বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস (বিএএসএম) আয়োজিত এ কর্মশালায় সহযোগিতা করে বাংলাদেশ ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগ ও বাংলাদেশ ইউনিভার্সিটি বিজনেস ক্লাব।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. মাহবুবুল হক। ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান মো. মুজাক্কিরুল হুদার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে পুঁজিবাজার বিশেষজ্ঞ ও বিএএসএমের প্রতিনিধিরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটসের মহাপরিচালক কামরুল আনাম খান, ফ্যাকাল্টি নিপা সাহা এবং মো. সাদ্দাম হোসাইন খান।

কর্মশালায় বক্তারা বাংলাদেশের পুঁজিবাজারের বর্তমান কাঠামো, বিনিয়োগের মৌলিক ধারণা, বাজার বিশ্লেষণের পদ্ধতি, ঝুঁকি ব্যবস্থাপনা, আর্থিক পরিকল্পনা এবং তরুণদের জন্য দায়িত্বশীল বিনিয়োগের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বক্তারা বলেন, আধুনিক অর্থনীতিতে আর্থিক জ্ঞান ও বিনিয়োগ–সম্পর্কিত দক্ষতা তরুণদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক তথ্য বিশ্লেষণ, ঝুঁকি সম্পর্কে ধারণা এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে একজন বিনিয়োগকারী পুঁজিবাজারে সফল ভূমিকা রাখতে পারেন।

কর্মশালার বিশেষ একটি সেশনে বিএএসএমের ফ্যাকাল্টি মো. সাদ্দাম হোসাইন খান পুঁজিবাজারের ব্যবহারিক বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি ইনিশিয়াল পাবলিক অফারিং (আইপিও), কোম্পানির শেয়ার বাজারে তালিকাভুক্তির প্রক্রিয়া, বিনিয়োগের আগে প্রয়োজনীয় তথ্য বিশ্লেষণ এবং ঝুঁকি মূল্যায়নের কৌশল সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেন।

তার আলোচনায় বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোম্পানির আর্থিক প্রতিবেদন, বাজার পরিস্থিতি এবং সম্ভাব্য ঝুঁকি বিবেচনার ওপর গুরুত্ব দেওয়া হয়। বিষয়গুলো শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে এবং তারা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে আলোচনায় অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইউনিভার্সিটির উপাচার্য মো. জাহাঙ্গীর আলম বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু একাডেমিক শিক্ষাই যথেষ্ট নয়; এর পাশাপাশি আর্থিক জ্ঞান, বিনিয়োগ সচেতনতা ও বাস্তব দক্ষতা অর্জন শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে তাদের ধারণাকে আরও সমৃদ্ধ করবে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য এমন কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

কর্মশালায় আলোচিত বিষয়বস্তুর ওপর ভিত্তি করে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে বিজয়ীরা পুরস্কার লাভ করেন।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মের মধ্যে পুঁজিবাজার, আর্থিক পরিকল্পনা এবং বিনিয়োগ সংস্কৃতি সম্পর্কে সচেতনতা তৈরিতে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান অর্জনের সুযোগ তৈরি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স