ঢাকা

কাঁটাবনের বহুতল ভবনে আগুন নিয়ন্ত্রণে, হাসপাতালে নেওয়ার পর দুজনের মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


রাজধানীর কাঁটাবনের একটি ১৪ তলা আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ দুই যুবকের মৃত্যু হয়েছে। আগুন লাগার পর তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা শেষ পর্যন্ত বাঁচাতে পারেননি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, শুক্রবার গভীর রাতে ভবনটির ১২তম তলার দুটি ফ্ল্যাটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত ৩টা ৮ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

নিহতরা হলেন মো. জনি (২৫) ও মো. আব্দুস সালাম (১৯)। উদ্ধারকারীরা জনিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং আব্দুস সালামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসাধীন অবস্থায় দুজনকেই মৃত ঘোষণা করা হয়।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি কর্মকর্তা রাফি আল ফারুক জানান, আগুন নিয়ন্ত্রণে আনার পর পুরো ভবন তল্লাশি চালিয়ে নিশ্চিত হওয়া গেছে, ভেতরে আর কেউ আটকে নেই। নতুন করে কোনো হতাহত বা নিখোঁজের তথ্যও পাওয়া যায়নি।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে, তা জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স