ঢাকা

প্রযুক্তি শিক্ষায় নতুন সংযোজন, আইএসইউ চালু করল এআই অ্যান্ড ডেটা সায়েন্স প্রোগ্রাম

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
প্রযুক্তিনির্ভর বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডেটা সায়েন্সে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে নতুন একটি স্নাতক (ইঞ্জিনিয়ারিং) প্রোগ্রাম চালু করেছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ)। বিশ্ববিদ্যালয়টি ‘ব্যাচেলর অব সায়েন্স ইন ইঞ্জিনিয়ারিং ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স’ শীর্ষক এ প্রোগ্রামের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ জুন ইউজিসি অ্যাডভান্সড সায়েন্স অ্যান্ড কম্পিউটিং অনুষদের অধীনে এ নতুন প্রোগ্রাম পরিচালনার অনুমোদন দেয়। এর মাধ্যমে বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা বিশ্লেষণ এবং উদীয়মান প্রযুক্তিখাতে দক্ষ প্রকৌশলী তৈরির নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করছে বিশ্ববিদ্যালয়টি।

১৫২ ক্রেডিটের এই বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিনির্ভর পাঠ্যক্রমে প্রশিক্ষণ দেওয়া হবে। পাঠ্যসূচিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence), ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, রোবোটিকস, সাইবার সিকিউরিটি এবং সংশ্লিষ্ট আধুনিক প্রযুক্তির বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি গবেষণাভিত্তিক শিক্ষা, আধুনিক ল্যাব সুবিধা এবং শিল্প-প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বিত প্রকল্পে কাজ করার সুযোগও থাকবে এই প্রোগ্রামে। ফলে শিক্ষার্থীরা বাস্তবমুখী দক্ষতা অর্জনের পাশাপাশি প্রযুক্তি খাতের সমসাময়িক চাহিদার সঙ্গে নিজেদের প্রস্তুত করতে পারবেন।

এ ছাড়া মেধাবী শিক্ষার্থীদের জন্য ওয়েভার বা টিউশন ফি ছাড়ের সুবিধাও রাখা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের ভাষ্য অনুযায়ী, বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা সায়েন্সভিত্তিক প্রযুক্তির দ্রুত সম্প্রসারণের প্রেক্ষাপটে এ খাতে দক্ষ জনশক্তির চাহিদা ক্রমাগত বাড়ছে। সেই চাহিদা পূরণ এবং দেশের প্রযুক্তিখাতে সক্ষম মানবসম্পদ গড়ে তুলতেই নতুন এই প্রোগ্রাম চালু করা হয়েছে।

প্রোগ্রামে ভর্তি, যোগ্যতা, পাঠ্যক্রম এবং অন্যান্য বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স