ঢাকা

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য জরুরি ঘোষণা: ১৭–১৮ জুলাইয়ের পরীক্ষা স্থগিত

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
প্রাকৃতিক দুর্যোগের কারণে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা-২০২৬-এর বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থগিত করা হয়েছে। একই সঙ্গে ১৭ ও ১৮ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা থাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষা কার্যক্রমের একাধিক পরীক্ষাও স্থগিত করেছে কর্তৃপক্ষ।

বুধবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এইচএসসি পরীক্ষা-২০২৬-এর বাংলা প্রথম পত্র (HSC 1851) এবং বাংলা দ্বিতীয় পত্র (HSC 2851)। দেশের বিদ্যমান প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতির কারণে এই দুটি পরীক্ষা আপাতত স্থগিত রাখা হয়েছে।

শুধু এইচএসসি পরীক্ষাই নয়, একই কারণে ১৭ ও ১৮ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা থাকা বিশ্ববিদ্যালয়ের আরও কয়েকটি একাডেমিক প্রোগ্রামের পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

স্থগিত হওয়া পরীক্ষার মধ্যে রয়েছে এমএ ও এমএসএস (প্রিলিমিনারি) প্রোগ্রামের টার্ম-২৪২ (দ্বিতীয় সেমিস্টার)-এর পরীক্ষা।

এ ছাড়া ব্যাচেলর অব এগ্রিকালচার এডুকেশন (B. Ag. Ed) প্রোগ্রামের ২৫২ টার্ম (জুলাই–ডিসেম্বর ২০২৫)-এর দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

এছাড়া মাস্টার অব এডুকেশন (এমএড) পরীক্ষা-২০২৫-এর ২৫২ টার্মের প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের নির্ধারিত পরীক্ষাও আপাতত অনুষ্ঠিত হবে না।

একই সঙ্গে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) প্রোগ্রামের ২৪১ টার্মের প্রথম, তৃতীয়, পঞ্চম ও সপ্তম লেভেলের পরীক্ষাও স্থগিতের আওতায় আনা হয়েছে।

বাউবি জানিয়েছে, স্থগিত হওয়া সব পরীক্ষার সংশোধিত সময়সূচি পরবর্তী সময়ে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে। পরীক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও সংশ্লিষ্ট নোটিশ নিয়মিত অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

তবে কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, এইচএসসি পরীক্ষা-২০২৬-এর স্থগিত হওয়া বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র ছাড়া অন্যান্য সব বিষয়ের পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে। ফলে অন্য বিষয়ের পরীক্ষার্থীদের নির্ধারিত রুটিন অনুসারেই পরীক্ষায় অংশ নিতে হবে।

প্রাকৃতিক দুর্যোগজনিত পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা ও যাতায়াতের বিষয়টি বিবেচনায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে। পরিস্থিতি স্বাভাবিক হলে স্থগিত পরীক্ষাগুলোর নতুন তারিখ ঘোষণা করা হবে।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স