ঢাকা

মিরপুরে দেয়াল ধস: চিকিৎসাধীন আরও এক নারীর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৩

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


রাজধানীর মিরপুরে টিসিবির ন্যায্যমূল্যের পণ্য কিনতে অপেক্ষমাণ মানুষের ওপর দেয়াল ধসে পড়ার ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। নিহত বিউটি বেগম (৫০) চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে মারা যান। এ নিয়ে এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে। আহত আরও সাতজন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, গুরুতর আহত অবস্থায় বিউটি বেগমকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছিল। রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, বিউটি বেগম মিরপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তাঁর গ্রামের বাড়ি জয়পুরহাটের কালাই উপজেলায়। তিনি সেদিন টিসিবির পণ্য সংগ্রহের জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন।

এর আগে মঙ্গলবার দুপুরে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের একটি পুরোনো দেয়াল হঠাৎ ভেঙে অপেক্ষমাণ মানুষের ওপর পড়ে। প্রতিদিনের মতো সেদিনও কম দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে সেখানে বিপুলসংখ্যক মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজ শুরু করে। ভাঙা দেয়ালের নিচে আটকে পড়াদের বের করে রাজধানীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থলেই কয়েকজন গুরুতর আহত হন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় নিহত অন্য দুজন হলেন নাসিমা বেগম (৪৪) ও মো. ফিরোজ (৪৩)। নাসিমা রাজধানীর একটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন এবং ফিরোজ শাহ আলীবাগ এলাকার বাসিন্দা ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে রাজিয়া বেগম (৫৫), মনোয়ারা বেগম (৩৭) ও মোশাররফ হোসেন (১৯) সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে।

রাজিয়া বেগমের মেয়ে মাহফুজা আক্তার জানান, তাঁর মা বাজারে যাওয়ার পথে টিসিবির ট্রাক দেখে লাইনে দাঁড়িয়েছিলেন। অপেক্ষার সময় আকস্মিকভাবে দেয়াল ধসে পড়লে তিনি আহত হন।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স