২০২৬–২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হলি ক্রস কলেজ। কলেজের বিজ্ঞপ্তি অনুযায়ী, এসএসসি পরীক্ষায় অর্জিত জিপিএ এবং লিখিত পরীক্ষা বা সিলেকশন টেস্টের ফলের ভিত্তিতে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী নির্বাচন করা হবে। এ শিক্ষাবর্ষে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগ মিলিয়ে মোট ১ হাজার ৩৩০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন।
ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আগামী বুধবার (২ সেপ্টেম্বর) থেকে শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) রাত ১২টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। আবেদন করতে শিক্ষার্থীদের হলি ক্রস কলেজের নির্ধারিত ভর্তি-সংক্রান্ত ওয়েবপেজ অথবা কলেজের ওয়েবসাইটের ‘Admissions > Admission Application’ অপশনে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে।
বিভাগভিত্তিক আবেদনের যোগ্যতা
হলি ক্রস কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বিভাগভেদে আলাদা শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞান বিভাগে আবেদন করতে হলে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫.০০ থাকতে হবে। একই সঙ্গে এসএসসিতে উচ্চতর গণিত (Higher Math) ও জীববিজ্ঞান (Biology) বিষয় দুটি অবশ্যই থাকতে হবে।
মানবিক বিভাগে এসএসসি পরীক্ষায় জিপিএ ৩.০০ থেকে ৫.০০ পাওয়া শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
ব্যবসায় শিক্ষা বিভাগে আবেদনের জন্য এসএসসিতে জিপিএ ৪.০০ থেকে ৫.০০ থাকতে হবে।
বিভাগ পরিবর্তনের সুযোগ
বিভাগ পরিবর্তন করে ভর্তির ক্ষেত্রেও নির্দিষ্ট যোগ্যতা রাখা হয়েছে। বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগে এসএসসিতে জিপিএ ৪.০০ বা তার বেশি পাওয়া শিক্ষার্থীরা মানবিক বিভাগে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
অন্যদিকে, বিজ্ঞান বিভাগের যেসব শিক্ষার্থী এসএসসিতে জিপিএ ৪.২৫ বা তার বেশি পেয়েছেন, তাঁরা ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
আবেদন ফি ৫০০ টাকা
ভর্তি আবেদন ফর্ম যথাযথভাবে পূরণ করার পর বিকাশের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। এ ক্ষেত্রে বিকাশ চার্জ ছাড়া মোট ৫০০ টাকা পরিশোধ করতে হবে।
বিকাশে টাকা জমা দেওয়ার পর সাধারণত ৫ থেকে ১০ মিনিটের মধ্যে আবেদন ফর্ম ও ভর্তি পরীক্ষার প্রবেশপত্র (Admit Card) ডাউনলোড করা যাবে। শিক্ষার্থীদের আবেদন ফর্ম ও প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে। পরবর্তী সময়ে ভর্তিসংক্রান্ত বিভিন্ন কাজে প্রবেশপত্র প্রদর্শন করতে হবে।
সিলেকশন টেস্টের দিন যেসব কাগজ জমা দিতে হবে
সিলেকশন টেস্টের দিন শিক্ষার্থীদের কয়েকটি প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে। পরীক্ষার হলে জমা দেওয়ার জন্য থাকতে হবে—
১. ডাউনলোড করা আবেদন ফর্ম। ফর্মের বাঁ পাশে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে।
২. এসএসসি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি।
৩. অনলাইন রেজাল্ট বা একাডেমিক ট্রান্সক্রিপ্টের কপি।
এসব কাগজ একসঙ্গে স্ট্যাপলার করে ডান পাশের কোণে Application ID No. লিখে আনতে হবে। পরীক্ষার হলে কাগজপত্রগুলো অবশ্যই জমা দিতে হবে।
পরীক্ষার হলে যা নেওয়া যাবে
শিক্ষার্থীদের পরীক্ষার হলে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র বা Admit Card সঙ্গে রাখতে হবে। এর পাশাপাশি কলম, পেনসিল, রাবার ও স্কেল একটি Clear File-এ করে নিয়ে যেতে হবে।
তবে পরীক্ষার হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ঘড়ি কিংবা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নেওয়া যাবে না।
অনলাইন আবেদন পূরণে সতর্কতা
আবেদন ফর্ম পূরণের সময় শিক্ষার্থীদের সঠিক ও নির্ভুল তথ্য দিতে হবে। এসএসসি পরীক্ষার প্রবেশপত্র ও ট্রান্সক্রিপ্টে যে তথ্য রয়েছে, সেই অনুযায়ী আবেদন ফর্ম পূরণ করতে হবে।
কোনো ভুল বা মিথ্যা তথ্য দেওয়া হলে আবেদন বাতিল বলে গণ্য হবে। এমনকি ভর্তি হওয়ার পরও যদি কোনো তথ্য ভুল বা মিথ্যা প্রমাণিত হয়, তাহলে কলেজ কর্তৃপক্ষ ভর্তি বাতিল করার অধিকার রাখবে।
আবেদনের সময় শিক্ষার্থীর সদ্য তোলা ছবি আপলোড করতে হবে। ছবিতে আবেদনকারীর মুখাবয়ব স্পষ্টভাবে দৃশ্যমান থাকতে হবে।
এ ছাড়া আবেদন ফর্মে এসএসসি পরীক্ষায় প্রাপ্ত গ্রেড পয়েন্ট বা জিপিএ সঠিকভাবে উল্লেখ করতে হবে।
আবেদনকারীর প্রাপ্ত A+–এর সংখ্যাও দিতে হবে। এ ক্ষেত্রে অনলাইন ট্রান্সক্রিপ্টের প্রথম ১০টি বিষয়ের মধ্যে প্রাপ্ত A+ গণনা করতে হবে। ফিজিক্যাল এডুকেশন ও ক্যারিয়ার এডুকেশন বিষয় দুটি এর বাইরে থাকবে।
কীভাবে নির্ধারণ হবে চূড়ান্ত ফল
হলি ক্রস কলেজের বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষার্থী নির্বাচনের ক্ষেত্রে একাধিক বিষয় বিবেচনায় নেওয়া হবে। এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ, সিলেকশন টেস্টে অর্জিত নম্বর এবং অগ্রাধিকারভিত্তিক বিভিন্ন বিষয় বিবেচনা করে চূড়ান্ত ফল নির্ধারণ করা হবে।
এ ক্ষেত্রে নিজ বিদ্যালয়ের শিক্ষার্থী, ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থী, সংখ্যালঘু শিক্ষার্থী, প্রতিবন্ধী শিক্ষার্থী এবং প্রত্যন্ত এলাকার স্কুলের শিক্ষার্থীদের মেধা ও নির্ধারিত অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনা করা হবে।
সিলেকশন টেস্টের সিলেবাস
শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষা-২০২৬–এর সিলেবাস অনুযায়ী সিলেকশন টেস্ট দিতে হবে। বিভাগভেদে পরীক্ষার বিষয়েও পার্থক্য রয়েছে।
বিজ্ঞান বিভাগের পরীক্ষার বিষয়: বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান ও সাধারণ জ্ঞান।
মানবিক বিভাগের পরীক্ষার বিষয়: বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, ভূগোল, পৌরনীতি, অর্থনীতি, ইতিহাস ও সাধারণ জ্ঞান।
ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার বিষয়: বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, হিসাববিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং, ব্যবসায় উদ্যোগ ও সাধারণ জ্ঞান।
সিলেকশন টেস্ট কবে
মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের সিলেকশন টেস্ট অনুষ্ঠিত হবে ১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার।
আর বিজ্ঞান বিভাগের সিলেকশন টেস্ট অনুষ্ঠিত হবে ১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার।
তবে পরীক্ষার শিফট ও নির্দিষ্ট সময় পরে জানানো হবে। কলেজের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৮ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার দুপুর ১২টার পর কলেজের ওয়েবসাইট ও ফেসবুক পেজে পরীক্ষার শিফট ও সময় প্রকাশ করা হবে।
এ ছাড়া পরীক্ষার্থীদের বিস্তারিত আসন ব্যবস্থাপনা—ভবনের নাম ও রুম নম্বরসহ—৯ সেপ্টেম্বর ২০২৬, বুধবার বেলা ১টার পর কলেজের ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে।
ফল প্রকাশ ১৫ সেপ্টেম্বর
সিলেকশন টেস্টের পর চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার বেলা ১টার পর প্রকাশ করা হবে।
ফলাফল হলি ক্রস কলেজের ওয়েবসাইট, কলেজের ফেসবুক পেজ এবং নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।
ফলে আবেদনকারী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষার ফলাফল ও পরবর্তী ভর্তি-সংক্রান্ত নির্দেশনা জানতে কলেজের ওয়েবসাইট ও ফেসবুক পেজ নিয়মিত অনুসরণ করতে হবে।
ভর্তি নিশ্চিত করতে হবে ১৭ সেপ্টেম্বরের মধ্যে
চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার বিকেল ৫টার পর থেকে ভর্তি ফি জমা দেওয়ার সুযোগ থাকবে।
শিক্ষার্থীদের ১৭ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে অনলাইনে বিকাশের মাধ্যমে ভর্তির টাকা জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ ১৭ সেপ্টেম্বর দুপুর ১২টার মধ্যে ভর্তি ফি জমা না দিলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ভর্তির সুযোগ বাতিল বলে গণ্য হবে।
বিভাগভিত্তিক আসনসংখ্যা
২০২৬–২৭ শিক্ষাবর্ষে হলি ক্রস কলেজে একাদশ শ্রেণিতে মোট ১ হাজার ৩৩০টি আসন রয়েছে।
এর মধ্যে—
বিজ্ঞান বিভাগ: ৭৮০টি আসন
ব্যবসায় শিক্ষা বিভাগ: ২৮০টি আসন
মানবিক বিভাগ: ২৭০টি আসন
সব মিলিয়ে তিন বিভাগে ১ হাজার ৩৩০ জন শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পাবেন।
গুরুত্বপূর্ণ তারিখ এক নজরে
বিষয় তারিখ ও সময়
অনলাইন আবেদন শুরু ২ সেপ্টেম্বর ২০২৬
আবেদন শেষ ৫ সেপ্টেম্বর ২০২৬ রাত ১২টা
শিফট ও পরীক্ষার সময় প্রকাশ ৮ সেপ্টেম্বর দুপুর ১২টার পর
আসন ব্যবস্থাপনা প্রকাশ ৯ সেপ্টেম্বর বেলা ১টার পর
মানবিক ও ব্যবসায় শিক্ষা সিলেকশন টেস্ট ১০ সেপ্টেম্বর
বিজ্ঞান বিভাগের সিলেকশন টেস্ট ১১ সেপ্টেম্বর
নির্বাচিতদের ফল প্রকাশ ১৫ সেপ্টেম্বর বেলা ১টার পর
ভর্তি ফি জমা শুরু ১৫ সেপ্টেম্বর বিকেল ৫টার পর
ভর্তি নিশ্চিতের শেষ সময় ১৭ সেপ্টেম্বর দুপুর ১২টা
কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, ভর্তি কার্যক্রমসংক্রান্ত সর্বশেষ তথ্য ও প্রয়োজনীয় আপডেট জানতে শিক্ষার্থীদের নিয়মিত কলেজের ওয়েবসাইট ও ফেসবুক পেজ অনুসরণ করতে হবে। পরিস্থিতি বিবেচনায় নির্ধারিত তারিখ বা সময় পরিবর্তনের প্রয়োজন হলে তা ওই মাধ্যমগুলোতেই জানানো হবে।