ইংল্যান্ডের ফুটবল মাঠ থেকে উগান্ডার একটি ঐতিহ্যবাহী রাজ্যের সিংহাসনে বসার সুযোগ পেয়েছিলেন জর্জ ডেসমন্ড কামুরাসি। তবে রাজপরিবারের দায়িত্ব নেওয়ার বদলে নিজের ফুটবল ক্যারিয়ারকেই বেছে নিয়েছেন ৩৬ বছর বয়সী এই গোলকিপার।
ইংল্যান্ডের নবম স্তরের ফুটবল ক্লাব এসই ডনসের অধিনায়ক কামুরাসিকে তোড়ো রাজ্যের পরবর্তী রাজা হিসেবে পছন্দ করেছিল রয়্যাল সাকসেশন কমিটি। কিন্তু সেই প্রস্তাবে সাড়া দেননি তিনি।
কমিটির সদস্য ফাদার ড. চার্লস ওয়ো জানিয়েছেন, কামুরাসি তাঁকে বলেছেন, তাঁর বর্তমানে অন্য দায়িত্ব রয়েছে। ফলে রাজপরিবারের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব নেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়।
কেন সিংহাসনে বসছেন না কামুরাসি?
কামুরাসি ছিলেন প্রয়াত রাজা ওয়ো নাইমবা কাবাম্বা ইগুরু রুকিদি চতুর্থের চাচাতো ভাই। গত ২৭ আগস্ট যুক্তরাষ্ট্রে ক্যানসারে আক্রান্ত হয়ে ৩৪ বছর বয়সে মারা যান রাজা ওয়ো।
১৯৯৫ সালে মাত্র তিন বছর বয়সে তোড়োর সিংহাসনে বসেছিলেন তিনি। তখন বিশ্বের সবচেয়ে কম বয়সী জীবিত রাজা হিসেবে পরিচিতি পেয়েছিলেন। তাঁর মৃত্যুর পর নতুন রাজা নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়।
উত্তরাধিকার কমিটির প্রাথমিক পছন্দ ছিলেন কামুরাসি। তবে তিনি দায়িত্ব নিতে অস্বীকৃতি জানানোর পর নতুন করে উত্তরাধিকারী বাছাইয়ের প্রক্রিয়া শুরু হয়। পরে সাবেক টেলিভিশন সংবাদ উপস্থাপক প্রিন্স এডওয়ার্ড রুকিদি কিজানাঙ্গোমাকে তোড়োর নতুন রাজা ঘোষণা করা হয়।
ফুটবলেই মনোযোগ ‘বিগ জি’র
রাজকীয় দায়িত্ব প্রত্যাখ্যান করলেও কামুরাসির ফুটবল ক্যারিয়ারে কোনো পরিবর্তন আসছে না। ‘বিগ জি’ নামে পরিচিত ৬ ফুট ৬ ইঞ্চি উচ্চতার এই গোলকিপার এসই ডনসের গুরুত্বপূর্ণ সদস্য এবং দলটির অধিনায়কও।
ক্লাবের সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন ভিডিও ও প্রচারণামূলক কার্যক্রমেও নিয়মিত দেখা যায় তাঁকে।
চলতি মৌসুমে এসই ডনস প্রথমবারের মতো এফএ কাপে অংশ নিচ্ছে। গত শনিবার এরিথ টাউনকে ২-০ গোলে হারিয়ে তারা দ্বিতীয় বাছাইপর্বে জায়গা করে নিয়েছে। পরবর্তী ম্যাচে ১৯ সেপ্টেম্বর চিচেস্টার সিটির মুখোমুখি হবে দলটি।
রাজপরিবারের দায়িত্ব নেওয়ার সুযোগ ছেড়ে দেওয়ার পর এখন সেই ম্যাচসহ ইংল্যান্ডের ফুটবলেই পুরো মনোযোগ দেওয়ার সুযোগ পাচ্ছেন কামুরাসি।
রাজা হলেও নেই নির্বাহী ক্ষমতা
উগান্ডার তোড়ো রাজ্যের রাজা রাষ্ট্রীয় নির্বাহী ক্ষমতা ভোগ করেন না। দেশটির প্রশাসন পরিচালিত হয় প্রেসিডেন্ট ও নির্বাচিত সংসদের মাধ্যমে।
তবে রাজনৈতিক ক্ষমতা না থাকলেও তোড়োসহ উগান্ডার কয়েকটি ঐতিহ্যবাহী রাজপরিবার দেশটির সামাজিক ও সাংস্কৃতিক জীবনে এখনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে কামুরাসির মতো একজনের রাজসিংহাসনের প্রস্তাব ফিরিয়ে দিয়ে ফুটবলকে বেছে নেওয়ার ঘটনাটি বেশ ব্যতিক্রমী।