করপোরেট দুনিয়ায় কার্যকরভাবে কাজ করা এবং ক্যারিয়ারে এগিয়ে যাওয়ার জন্য আর্থিক জ্ঞান বা ফিন্যান্সিয়াল লিটারেসি দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বিশেষ করে ব্যবস্থাপনা পর্যায়ে কাজ করা পেশাজীবীদের নিয়মিতই আর্থিক বিবরণী, বাজেট, খরচ, মুনাফা ও ব্যবসায়িক কর্মদক্ষতার বিভিন্ন হিসাব বুঝে সিদ্ধান্ত নিতে হয়। তবে যাঁদের হিসাববিজ্ঞান বা অ্যাকাউন্টিংয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, তাঁদের অনেকের জন্য এসব বিষয় বোঝা বেশ চ্যালেঞ্জিং হয়ে ওঠে।
এই বিষয়টি বিবেচনায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) চালু করেছে বিশেষ সার্টিফিকেট কোর্স ‘অ্যাকাউন্টিং ফর নন-অ্যাকাউন্ট্যান্টস’ (এএফএনএ)। অ্যাকাউন্টিংয়ে প্রাতিষ্ঠানিক ব্যাকগ্রাউন্ড না থাকা পেশাজীবীদের ব্যবসায়িক হিসাব-নিকাশ ও আর্থিক তথ্য বোঝার পাশাপাশি ব্যবস্থাপনা ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে দক্ষ করে তুলতে ছয় সপ্তাহের এই কোর্সটি পরিচালিত হবে।
আইবিএর ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এমডিপি) আওতায় কোর্সটি পরিচালিত হচ্ছে। পরিবর্তনশীল অর্থনৈতিক ও ব্যবসায়িক পরিবেশের সঙ্গে তাল মিলিয়ে ব্যবস্থাপনা পর্যায়ের পেশাজীবীদের দক্ষতা বাড়ানোই এই কোর্সের অন্যতম লক্ষ্য।
যাঁদের জন্য কোর্সটি
হিসাববিজ্ঞানে যাঁদের পূর্ব অভিজ্ঞতা খুব কম বা একেবারেই নেই, কিন্তু পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে ব্যবসায়িক লেনদেন, আর্থিক হিসাব ও বিভিন্ন আর্থিক প্রতিবেদন বোঝা প্রয়োজন—মূলত তাঁদের জন্য কোর্সটি সাজানো হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক ড. মহিউদ্দিন বলেন, ছয় সপ্তাহের এই কোর্সের সিলেবাস বিস্তৃত ও আধুনিকভাবে সাজানো হয়েছে। এতে ফিন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের পাশাপাশি কস্ট অ্যাকাউন্টিং ও ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের মৌলিক বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।
কোর্সের মাধ্যমে অংশগ্রহণকারীরা অ্যাকাউন্টিং সিস্টেম, ফিন্যান্সিয়াল স্টেটমেন্ট, বার্ষিক প্রতিবেদন বিশ্লেষণ এবং প্রতিষ্ঠানের আর্থিক কর্মক্ষমতা মূল্যায়নের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা পাবেন। পাশাপাশি খরচ হিসাবের পদ্ধতি, বাজেট প্রণয়ন, ভ্যারিয়েন্স অ্যানালাইসিস এবং ইনক্রিমেন্টাল অ্যানালাইসিসের মতো গুরুত্বপূর্ণ বিষয়ও শেখানো হবে।
এসব জ্ঞান পেশাজীবীদের দৈনন্দিন ব্যবস্থাপনা কার্যক্রমের পাশাপাশি দীর্ঘমেয়াদি ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
ক্লাস ও যোগ্যতা
কর্মজীবী পেশাজীবীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ক্লাসের সময় নির্ধারণ করা হয়েছে। প্রতি শুক্রবার সকাল সাড়ে ৯টা এবং বেলা ২টা ১৫ মিনিটে আইবিএতে ক্লাস অনুষ্ঠিত হবে।
কোর্সে আবেদন করতে হলে প্রার্থীকে যেকোনো বিষয়ে ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি কোনো খ্যাতনামা প্রতিষ্ঠানে অন্তত দুই বছরের কাজের অভিজ্ঞতাও থাকতে হবে।
আবেদন ও কোর্স ফি
কোর্সে ভর্তির জন্য অনলাইনে আবেদন করা যাবে আগামী ৬ অক্টোবর পর্যন্ত। আবেদনকারীদের মধ্য থেকে বাছাই করা প্রার্থীদের রোলিং ভিত্তিতে সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। সাক্ষাৎকার ও চূড়ান্ত বাছাইপ্রক্রিয়া শেষে নির্বাচিত অংশগ্রহণকারীদের কোর্স ফি হিসেবে মোট ৩২ হাজার টাকা পরিশোধ করতে হবে।
কোর্সের ক্লাস আনুষ্ঠানিকভাবে শুরু হবে আগামী ৬ নভেম্বর।
শিক্ষক ও মূল্যায়ন
কোর্সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ এবং দেশের অন্যান্য নামী বিজনেস স্কুলের অভিজ্ঞ শিক্ষকদের পাশাপাশি শিল্প খাতের শীর্ষস্থানীয় পেশাজীবীরা রিসোর্স পারসন হিসেবে পাঠদান করবেন।
শুধু শ্রেণিকক্ষের তাত্ত্বিক পাঠের মধ্যেই কোর্সটির কার্যক্রম সীমাবদ্ধ থাকবে না। অংশগ্রহণকারীদের বাস্তব ব্যবসায়িক পরিস্থিতির সঙ্গে পরিচিত করতে কেস স্টাডি, ব্যক্তিগত ও দলগত অ্যাসাইনমেন্ট এবং পরীক্ষার মাধ্যমে তাঁদের শেখার অগ্রগতি মূল্যায়ন করা হবে।
কোর্সটি সফলভাবে সম্পন্নকারীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর পক্ষ থেকে সার্টিফিকেট দেওয়া হবে। সংশ্লিষ্টদের মতে, অ্যাকাউন্টিংয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকা ব্যবস্থাপনা পর্যায়ের পেশাজীবীদের জন্য এই প্রশিক্ষণ আর্থিক তথ্য বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বাড়াতে সহায়ক হতে পারে।
যোগাযোগ
কোর্স ও আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে আগ্রহীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর চতুর্থ তলায় ৪০২ নম্বর কক্ষে অবস্থিত ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রামে যোগাযোগ করতে পারেন।
এ ছাড়া ০১৭৬৬-৯৯৩৩৯০ ও ০১৭২৬-৮৮৫৩২৯ নম্বরে ফোন অথবা কানায় ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করা যাবে।