ঢাকা

জামালপুরে ‘ইত্যাদি’র বিশেষ আয়োজন, থাকছে গান-নাটক ও নানা চমক

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নতুন পর্বের দৃশ্য ধারণ করা হয়েছে ঐতিহ্য ও সংস্কৃতির জেলা জামালপুরে। সীমান্তঘেঁষা বকশীগঞ্জ উপজেলার গারো পাহাড়ের পাদদেশে লাউচাপড়া অবসর বিনোদন কেন্দ্রের মনোরম পরিবেশে তৈরি করা হয় অনুষ্ঠানের মূল মঞ্চ। সবুজ বন, লেক ও পাহাড়ঘেরা এই স্থানে ‘ইত্যাদি’র ধারণকে কেন্দ্র করে পুরো এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

সাধারণত রাতের আলোকসজ্জায় অনুষ্ঠানটির ধারণ করা হলেও লাউচাপড়ার প্রাকৃতিক সৌন্দর্য দর্শকদের সামনে তুলে ধরতে এবার দিনের আলোতেই শুরু হয় শুটিং। নির্ধারিত সময়ের আগেই দর্শকে ভরে যায় অনুষ্ঠানস্থল। জামালপুরের বিভিন্ন উপজেলা ছাড়াও আশপাশের জেলা থেকে নানা বয়সী মানুষ সেখানে উপস্থিত হন।

থাকছে নতুন গান ও নৃত্য

নতুন পর্বে দুটি ভিন্নধর্মী গান রাখা হয়েছে। একটি গানে কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই ও তসিবা বেগম। ‘ইত্যাদি’র মাধ্যমেই একসময় টেলিভিশনে তাঁদের পরিচিতি ঘটে। লিটন অধিকারী রিন্টুর লেখা গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ।

এ ছাড়া জামালপুরকে তুলে ধরতে থাকছে জেলা পরিচিতিমূলক নৃত্যগীত। মিজান মাহমুদ রাজীব ও সিঁথি সাহার দ্বৈত কণ্ঠে পরিবেশিত গানটির কথা লিখেছেন মনিরুজ্জামান পলাশ। সুর ও সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। এস কে জাহিদের নৃত্য পরিচালনায় স্থানীয় বাঙালি ও গারো নৃত্যের সমন্বয়ে পরিবেশনাটি মঞ্চে ভিন্ন আবহ তৈরি করে।

দর্শকদের জন্য বিশেষ আয়োজন

‘ইত্যাদি’র নিয়মিত দর্শকপর্বেও থাকছে জামালপুরের ছোঁয়া। প্রশ্নোত্তরের মাধ্যমে উপস্থিত দর্শকদের মধ্য থেকে চারজনকে নির্বাচন করা হয়। পরবর্তী সময়ে তাঁরা জামালপুরের চারজন স্মরণীয় সাংস্কৃতিক ব্যক্তিত্বের জনপ্রিয় চারটি গানের অংশবিশেষ পরিবেশন করেন।

জামালপুরের ইতিহাস-ঐতিহ্য উঠে আসবে

এবারের পর্বে জামালপুরের অর্থনীতি, সংস্কৃতি ও ঐতিহ্যকে কেন্দ্র করে বেশ কয়েকটি প্রতিবেদন থাকছে। জেলার পরিচিতি ‘নকশিকাঁথা’ এবং ঐতিহ্যবাহী খাবার ‘মিল্লি বা পিঠালি’ নিয়ে রয়েছে বিশেষ প্রতিবেদন। পাশাপাশি জেলার ইতিহাস, প্রত্নসম্পদ ও ঐতিহ্য নিয়েও থাকছে তথ্যভিত্তিক পরিবেশনা।

দেশের পুরোনো ও বড় ঘোড়ার হাটগুলোর অন্যতম জামালপুরের ‘তুলসীপুর ঘোড়ার হাট’ নিয়েও করা হয়েছে আলাদা প্রতিবেদন। নদীভাঙনে ঘরহারা পরিবার, দারিদ্র্যের কারণে বাল্যবিবাহের শিকার পরিবারসহ বিভিন্ন সামাজিক বাস্তবতা উঠে এসেছে মানবিক প্রতিবেদনে। জামালপুরে জন্ম নেওয়া চারজন গুণী ব্যক্তিত্বের অবদানও স্মরণ করা হয়েছে বিশেষভাবে।

শারীরিক প্রতিবন্ধকতা পেরিয়ে নিজেদের প্রচেষ্টায় স্বাবলম্বী হওয়া ফেরদৌস হাসান বাপ্পী ও ওসনাই খাতুন দম্পতির জীবনসংগ্রাম নিয়েও থাকছে অনুপ্রেরণামূলক একটি প্রতিবেদন।

বিদেশি প্রতিবেদনে চীনের সুঝৌ

বিদেশি প্রতিবেদন হিসেবে এবার দেখানো হবে চীনের সুঝৌ শহরকে। প্রাচীন ঐতিহ্য ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে গড়ে ওঠা শহরটির বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে এই পর্বে।

এর পাশাপাশি থাকছে কাশেম টিভির রিপোর্টার ও তাঁর নাতির মজার কথোপকথন। চিঠিপত্র পর্বের পাশাপাশি সমসাময়িক নানা সামাজিক অসংগতি নিয়ে থাকছে একাধিক ব্যঙ্গাত্মক নাট্যাংশ। ভাইরাল গানের স্বল্পস্থায়িত্ব, ডিজিটাল ট্রলের নেতিবাচক প্রভাব, অন্ধভক্তি, অনলাইন সোলজার, তৈলবিদ্যা প্রশিক্ষণ কেন্দ্র, লাইভ টকের ঝুঁকি ও পরজীবী মানসিকতাসহ বিভিন্ন বিষয় নাটকের মাধ্যমে তুলে ধরা হবে।

অনুষ্ঠানে অংশ নিয়েছেন সোলায়মান খোকা, মীর নাসিমুল ইসলাম সেলিম, সুভাশিষ ভৌমিক, আবদুল্লাহ রানা, আব্দুল আজিজ, জিল্লুর রহমান, আমিন আজাদ, আনন্দ খালেদ, মুকিত জাকারিয়া, সুমন পাটোয়ারী, সাইদুর রহমান পাভেল, আশরাফুল আলম সোহাগ, এমএনইউ রাজু, আনোয়ার শাহী, তারিক স্বপন, মুকুল সিরাজ, সুজাত শিমুল, আবু হেনা রনি, সুর্বণা মজুমদার, সাবরিনা নিসা, নূরে আলম নয়ন, সাজ্জাদ সাজু, রাজিব সালেহীন, নিপু, মিরাজ, নজরুল ইসলাম, আনোয়ারুল আলম সজল ও বেলাল আহমেদ মুরাদসহ আরও অনেকে।

অনুষ্ঠানের শিল্পনির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন মুকিমুল আনোয়ার মুকিম। পরিচালকের সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন রানা সরকার ও মোহাম্মদ মামুন।

জামালপুরে ধারণ করা ‘ইত্যাদি’র এই বিশেষ পর্বটি ২৫ সেপ্টেম্বর শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে। অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স