মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা জোরদার, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং অফিস ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১০ দফা নির্দেশনা জারি করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। বুধবার (২ এপ্রিল) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনার কথা জানানো হয়। নির্দেশনাগুলো যথাযথভাবে বাস্তবায়ন নিশ্চিত করতে ছয় সদস্যের একটি তদারকি কমিটিও গঠন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট: বাধ্যতামূলক অফিসে অবস্থান
নতুন নির্দেশনা অনুযায়ী, কর্মকর্তা-কর্মচারীদের প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ নিজ অফিসকক্ষে আবশ্যিকভাবে অবস্থান করতে হবে। এ সময়ের মধ্যে কোনো দাপ্তরিক কর্মসূচি নির্ধারণ করা যাবে না—এ বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। বোর্ডের ভাষ্য, অফিস কার্যক্রমের শৃঙ্খলা নিশ্চিত ও প্রশাসনিক কার্যসম্পাদন দ্রুততর করতেই এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে কড়াকড়ি
বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার ওপর জোর দেওয়া হয়েছে। বলা হয়েছে—
- দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার না করে জানালা, দরজা বা ব্লাইন্ড খুলে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে।
- অফিস চলাকালে প্রয়োজনীয় সংখ্যক লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করতে হবে।
- এয়ার কন্ডিশনারের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে নির্ধারণ করতে হবে।
- অফিসকক্ষ ত্যাগের সময় বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনারসহ সব বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখতে হবে।
- করিডর, সিঁড়ি, ওয়াশরুমসহ বিভিন্ন স্থানে অপ্রয়োজনীয় বাতি ব্যবহার বন্ধ রাখতে হবে।
- অফিস সময় শেষে লাইট, ফ্যান, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, এয়ার কন্ডিশনারসহ সব বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ নিশ্চিত করতে হবে।
- সরকারি নির্দেশনা ছাড়া কোনো ধরনের আলোকসজ্জা পরিহার করতে হবে।
- সার্বিকভাবে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী মনোভাব বজায় রাখতে হবে।
পরিষ্কার-পরিচ্ছন্নতায় জোর
নির্দেশনায় অফিসের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার কথা বলা হয়েছে। কর্মপরিবেশ উন্নত রাখা এবং স্বাস্থ্যসম্মত কর্মপরিসর বজায় রাখার জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে বোর্ড।
তদারকিতে ছয় সদস্যের কমিটি
নির্দেশনাগুলো বাস্তবায়ন পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় সুপারিশ দিতে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি নিয়মিতভাবে নির্দেশনা পালনের অগ্রগতি পর্যালোচনা করবে এবং অনিয়ম পরিলক্ষিত হলে তা বোর্ড কর্তৃপক্ষকে অবহিত করবে।
বোর্ড সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা ও চলমান জ্বালানি সাশ্রয় কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীকে নির্দেশনাগুলো কঠোরভাবে অনুসরণের আহ্বান জানানো হয়েছে।