শেষ পর্যন্ত বার্সেলোনার সঙ্গে পথচলার ইতি টানলেন রবার্ট লেভানডফস্কি। অনেকদিন ধরেই তাঁর ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছিল। চুক্তি নবায়নের সম্ভাবনাও ছিল, তবে সব জল্পনার অবসান ঘটিয়ে বার্সা ছাড়ার ঘোষণা দিয়েছেন অভিজ্ঞ এই পোলিশ ফরোয়ার্ড।
আজ সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আবেগঘন এক ভিডিও পোস্ট করে বিদায়ের কথা জানান ৩৭ বছর বয়সী এই স্ট্রাইকার। বার্সেলোনায় কাটানো স্মরণীয় মুহূর্তগুলোর ছবি ও ভিডিও সংযুক্ত করে তিনি ভক্তদের উদ্দেশে বিদায়ী বার্তাও দেন।
লেভানডফস্কি লেখেন, দীর্ঘ চার বছরের চ্যালেঞ্জ, পরিশ্রম আর সাফল্যে ভরা সময় শেষে এখন নতুন পথে এগিয়ে যাওয়ার সময় এসেছে। বার্সেলোনার হয়ে তিনটি লা লিগা, তিনটি স্প্যানিশ সুপার কাপ ও একটি কোপা দেল রে জয়ের স্মৃতি নিয়েই বিদায় নিচ্ছেন তিনি।
তিনি আরও বলেন, ক্লাব, সতীর্থ ও সমর্থকদের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞ। তাঁর ভাষায়, বার্সেলোনা আবারও নিজেদের উপযুক্ত অবস্থানে ফিরে এসেছে। বিদায়ী বার্তায় তিনি ‘ভিসকা এল বার্সা’ ও ‘ভিসকা কাতালুনিয়া’ স্লোগানও উল্লেখ করেন।
স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, বার্সেলোনা কর্তৃপক্ষ লেভানডফস্কির সঙ্গে আরও এক বছরের চুক্তি করতে আগ্রহী ছিল। তবে অভিজ্ঞ এই ফরোয়ার্ড নিজেই নতুন সিদ্ধান্ত নেওয়ার পথে হাঁটলেন।
আগামীকাল রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচটি হতে যাচ্ছে ন্যু ক্যাম্পে তাঁর শেষ উপস্থিতি। আর ২৩ মে ভ্যালেন্সিয়ার মাঠে লা লিগার শেষ রাউন্ডের ম্যাচে হয়তো শেষবারের মতো বার্সার জার্সিতে দেখা যাবে তাঁকে।
এখন প্রশ্ন উঠছে, পরবর্তী ঠিকানা কোথায় হতে পারে লেভানডফস্কির। আন্তর্জাতিক দলবদল বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের কয়েকটি ক্লাব থেকে প্রস্তাব পেয়েছেন তিনি। যদিও এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত করেননি এই তারকা ফুটবলার।
এদিকে তাঁর জাতীয় দল পোল্যান্ড ইউরোপিয়ান প্লে–অফে বাদ পড়ায় আসন্ন বিশ্বকাপে দেখা যাবে না লেভানডফস্কিকে।