মধ্যপ্রাচ্যের অন্যতম শীর্ষ গবেষণাধর্মী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান King Abdullah University of Science and Technology (কাউস্ট) ২০২৬–২৭ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় বৃত্তির ঘোষণা দিয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি খাতে উচ্চতর গবেষণায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য এটি একটি পূর্ণ অর্থায়িত (ফুল-ফান্ডেড) সুযোগ, যেখানে মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির সুযোগ রয়েছে।
প্রতিষ্ঠার লক্ষ্য ও বৈশ্বিক অবস্থান
২০০৯ সালে King Abdullah bin Abdulaziz Al Saud-এর উদ্যোগে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি বৈজ্ঞানিক গবেষণা, অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক অবকাঠামো শক্তিশালী করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার সময় তিনি বলেছিলেন, কাউস্ট হবে “ভবিষ্যতের শান্তি, আশা ও পুনর্গঠনের দিশারী”।
বিশ্ববিদ্যালয়টির আর্থিক ভিত্তিও অত্যন্ত শক্তিশালী। গবেষণা ও অবকাঠামো উন্নয়নের জন্য প্রায় ২০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করা হয়, যার মুনাফা দিয়ে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ব্যয় নির্বাহ করা হয়। উন্নত গবেষণাগার, আন্তর্জাতিক মানের শিক্ষক এবং আধুনিক সুযোগ-সুবিধার কারণে অনেকেই একে মধ্যপ্রাচ্যের ‘এমআইটি’ হিসেবেও অভিহিত করেন।
বৃত্তির সুযোগ–সুবিধা
কাউস্টের এই স্কলারশিপ সম্পূর্ণ অর্থায়িত, অর্থাৎ নির্বাচিত শিক্ষার্থীরা পড়াশোনা ও জীবনযাত্রার প্রায় সব খরচই পাবেন। এর মধ্যে রয়েছে—
সম্পূর্ণ টিউশন ফি মওকুফ
বার্ষিক ২০,০০০–৩০,০০০ মার্কিন ডলার (প্রায় ২৪–৩৬ লাখ টাকা) জীবনযাত্রা ভাতা
আধুনিক আবাসন সুবিধা (বিনা মূল্যে)
চিকিৎসা ও ডেন্টাল কভারেজ
যাতায়াতের বিমান ভাড়া
কোনো আবেদন ফি নেই
যোগ্যতা
এই বৃত্তির জন্য বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
মাস্টার্স প্রোগ্রামের জন্য স্নাতক ডিগ্রি আবশ্যক
পিএইচডির জন্য মাস্টার্স ডিগ্রি থাকতে হবে
প্রার্থীর একাডেমিক ফলাফল উৎকৃষ্ট হতে হবে
ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে (TOEFL ৮১ বা IELTS ৬.৫)
এছাড়া বৃত্তি চলাকালে অন্য কোনো উৎস থেকে স্কলারশিপ গ্রহণ করা যাবে না।
প্রয়োজনীয় কাগজপত্র
আবেদনের সময় যেসব ডকুমেন্ট জমা দিতে হবে—
একাডেমিক ট্রান্সক্রিপ্ট
স্টেটমেন্ট অব পারপাস (SOP)
হালনাগাদ সিভি
পাসপোর্টের কপি
তিনটি সুপারিশপত্র
ইংরেজি দক্ষতার প্রমাণ
আবেদন প্রক্রিয়া ও সময়সীমা
আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। বিস্তারিত তথ্য ও আবেদন নির্দেশিকা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।
আবেদনের শেষ সময়: ১১ এপ্রিল ২০২৬
কেন এই সুযোগ গুরুত্বপূর্ণ
বিশ্বমানের গবেষণা সুবিধা, উদার আর্থিক সহায়তা এবং আন্তর্জাতিক একাডেমিক পরিবেশ—সব মিলিয়ে King Abdullah University of Science and Technology-এর এই স্কলারশিপ উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে পারে। বিশেষ করে যারা বিজ্ঞান ও প্রযুক্তিতে গবেষণাভিত্তিক ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য এটি একটি আদর্শ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে।