প্রেক্ষাগৃহে প্রদর্শনের পর এবার ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ‘রকস্টার’। এনহেন্সড কাট সংস্করণে প্রকাশিত সিনেমাটি দেশ-বিদেশের দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই সিনেমাটির গল্প, অভিনয় ও নির্মাণশৈলীর প্রশংসা করছেন।
দর্শকদের প্রতিক্রিয়ায় উঠে এসেছে, সিনেমার কাহিনি ও উপস্থাপনা বেশ আকর্ষণীয়। কেউ শেষ পরিণতি নিয়ে আক্ষেপ প্রকাশ করলেও অধিকাংশের মতে, সমাপ্তিটি আবেগঘন ও সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। শাকিব খানের অভিনয়ও দর্শকদের কাছ থেকে ইতিবাচক মূল্যায়ন পেয়েছে।
চরকির সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় অসংখ্য দর্শক সিনেমাটি দেখে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেছেন। অনেকেই এটিকে সাম্প্রতিক সময়ের অন্যতম উপভোগ্য বাংলা চলচ্চিত্র হিসেবে উল্লেখ করেছেন। বিদেশে থাকা বাংলা ভাষাভাষী দর্শকরাও সিনেমাটি দেখার আগ্রহ প্রকাশ করছেন।
কলকাতার কয়েকজন চলচ্চিত্র বিশ্লেষক ও কনটেন্ট নির্মাতাও সিনেমাটি নিয়ে ইতিবাচক রিভিউ প্রকাশ করেছেন। তাঁদের মূল্যায়নে সিনেমার চিত্রগ্রহণ, লোকেশন নির্বাচন, সংগীত এবং শাকিব খানের অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়েছে। তাঁদের মতে, প্রচলিত অ্যাকশনধর্মী চরিত্রের বাইরে গিয়ে একজন সংগীতশিল্পীর ভূমিকায় শাকিব নতুন মাত্রা যোগ করেছেন।
চরকিতে মুক্তি পাওয়া সংস্করণটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত সংস্করণের তুলনায় প্রায় আট মিনিট ছোট। নতুন এই কাটে কিছু দৃশ্য সংক্ষিপ্ত করা হয়েছে এবং শব্দ বিন্যাসেও পরিবর্তন আনা হয়েছে বলে দর্শকদের অনেকে মন্তব্য করেছেন। তাঁদের মতে, ওটিটি সংস্করণে সিনেমাটি আরও পরিমার্জিত মনে হয়েছে।
তবে সিনেমাটি মুক্তির পর সবচেয়ে বড় উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে পাইরেসি। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন মন্তব্যে অবৈধভাবে সিনেমার কপি ও লিংক ছড়িয়ে দেওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এতে চলচ্চিত্রসংশ্লিষ্টরা কপিরাইট লঙ্ঘন ও আর্থিক ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছেন।
পরিচালক আজমান রুশো জানিয়েছেন, বাস্তব জীবনের সংগীতশিল্পীদের অভিজ্ঞতা এবং নিজের সংগীতজীবনের নানা স্মৃতি থেকে অনুপ্রাণিত হয়ে তিনি ‘রকস্টার’-এর গল্প নির্মাণ করেছেন। সিনেমায় শাকিব খানকে একজন সংগ্রামী সংগীতশিল্পীর চরিত্রে দেখা গেছে, যার জন্য তিনি শারীরিক প্রস্তুতির অংশ হিসেবে নিজের ওজনও কমিয়েছিলেন।
নুসরাত মাটির চিত্রনাট্য, আয়মান আসিব ও সামিউল ভূঁইয়ার সংলাপে নির্মিত সিনেমাটির গান লিখেছেন ও সুর করেছেন আহমেদ হাসান সানি। সংগীত পরিচালনায় ছিলেন জাহিদ নিরব।
শাকিব খানের পাশাপাশি সিনেমাটিতে অভিনয় করেছেন সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা, সুনিধি নায়েক, পান্থ কানাই, তারিক আনাম খান, রোজী সিদ্দিকী, দিলারা জামান এবং কাজী সাবিরসহ আরও অনেকে। ছবিটি প্রযোজনা করেছে সান মোশন পিকচার্স লিমিটেড এবং এর একচ্ছত্র ওটিটি স্ট্রিমিং পার্টনার চরকি।