ঢাকা

ফুটবলের পর এবার অভিনয়ে ক্রিস্টিয়ানো রোনালদো, আসছেন নতুন টিভি সিরিজে

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


বিশ্ব ফুটবলের মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো এবার বিনোদন অঙ্গনে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। ফুটবল মাঠে দীর্ঘ সাফল্যের পর এবার তিনি একটি ব্রিটিশ টেলিভিশন সিরিজে অভিনয়ের পাশাপাশি নির্বাহী প্রযোজকের দায়িত্বও পালন করছেন।

‘ডে ওয়ানস’ নামের এই সিরিজের গল্প গড়ে উঠেছে এক কাল্পনিক ফুটবল এজেন্টকে কেন্দ্র করে। প্রধান চরিত্রে অভিনয় করছেন হলিউড অভিনেতা ড্যামিয়ান লুইস, যিনি ‘হোমল্যান্ড’ ও ‘বিলিয়নস’ সিরিজে অভিনয়ের জন্য পরিচিত। জানা গেছে, সিরিজটির বিভিন্ন গুরুত্বপূর্ণ দৃশ্যে বিশেষ উপস্থিতিতে দেখা যাবে রোনালদোকেও।

ইতোমধ্যে লন্ডনের বিভিন্ন স্থানে সিরিজটির শুটিং শুরু হয়েছে। প্রযোজনা সংশ্লিষ্টদের মতে, ফুটবলজগতের বাস্তব অভিজ্ঞতা ও নাটকীয় ঘটনাপ্রবাহকে কেন্দ্র করে নির্মিত এই সিরিজ দর্শকদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা নিয়ে আসবে।

শুধু রোনালদো নন, ফরাসি কিংবদন্তি থিয়েরি অঁরিকেও সিরিজটিতে বিশেষ উপস্থিতিতে দেখা যাবে। ফুটবল এজেন্টদের বাস্তব জীবন থেকে অনুপ্রাণিত হয়ে গল্পটি তৈরি করা হয়েছে বলে জানা গেছে।

নির্মাতারা জানিয়েছেন, এটি জনপ্রিয় কমেডি সিরিজ ‘টেড ল্যাসো’-এর ধাঁচের নয়। বরং ফুটবল ব্যবসা, খেলোয়াড়দের ক্যারিয়ার, সম্পর্ক এবং ক্ষমতার নানা দিককে ঘিরে একটি নাটকীয় কাহিনি তুলে ধরা হবে।

‘ডে ওয়ানস’ নির্মাণ করছে ইউআর মার্ভ স্টুডিওস, যা সম্প্রতি রোনালদো ও ব্রিটিশ চলচ্চিত্র পরিচালক ম্যাথিউ ভনের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে। আধুনিক গল্প বলার নতুন ধারা তৈরি করাই এই প্রযোজনা প্রতিষ্ঠানের লক্ষ্য।

নিজের নতুন উদ্যোগ নিয়ে রোনালদো বলেছেন, ফুটবলের বাইরে এটি তাঁর জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ যাত্রা। অন্যদিকে ম্যাথিউ ভনের মন্তব্য, মাঠে রোনালদোর সাফল্যের গল্পই তাঁকে এই নতুন প্রকল্পে একসঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করেছে।

বর্তমানে সৌদি আরবের ক্লাব আল-নাসরের অধিনায়ক হিসেবে খেলছেন ৪১ বছর বয়সী রোনালদো। ফুটবলের গণ্ডি পেরিয়ে এবার অভিনয় ও প্রযোজনার মাধ্যমে বিনোদন দুনিয়াতেও নিজের উপস্থিতি জানান দিতে প্রস্তুত তিনি। সিরিজটি কবে মুক্তি পাবে এবং কোন স্ট্রিমিং প্ল্যাটফর্মে প্রচার হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স