ঢাকা

ক্যারিয়ার হারানোর আশঙ্কাতেও ফিলিস্তিনিদের সমর্থনে অনড় অভিনেত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ফিলিস্তিন ইস্যুতে নীরব থাকার চেয়ে নিজের ক্যারিয়ার হারানো অনেক কম মূল্য বলে মন্তব্য করেছেন হলিউড অভিনেত্রী Hannah Einbinder। কান চলচ্চিত্র উৎসবে নতুন ছবি নিয়ে হাজির হয়ে তিনি বলেছেন, যে বিষয়গুলোকে তিনি ন্যায়সংগত বলে মনে করেন, সেগুলো নিয়ে কথা বলা থেকে তাঁকে কেউ বিরত রাখতে পারবে না।

চলতি বছরের Cannes Film Festival–এ প্রদর্শিত হয়েছে হান্নাহর নতুন কুইয়ার স্ল্যাশার ড্রামা Teenage Sex and Death at Camp Miasma। ছবিটি নিয়ে এক আলোচনায় অংশ নিয়ে ‘Hacks’–এর এই অভিনেত্রী বলেন, ফিলিস্তিনিদের কাছ থেকেই তিনি সাহসী হওয়ার শিক্ষা পেয়েছেন।

হান্নাহ বলেন, “আমি সেই ফিলিস্তিনিদের পথ অনুসরণ করি, যাঁরা সব সময় নিজেদের হয়ে কথা বলতে বাধ্য হয়েছেন। আমি এমন এক ঐতিহ্যের অংশ হতে পেরে গর্বিত, যেখানে ফিলিস্তিনি ও তাঁদের ইহুদি মিত্ররা এমন এক সময়ে সরব থেকেছেন, যখন অনেকেই নীরব থাকতে বেছে নিয়েছেন।”

‘চুপ থাকার মূল্য আরও বেশি’

ফিলিস্তিনপন্থী অবস্থানের কারণে কাজ হারানোর অভিযোগ তুলেছেন Susan Sarandon ও Melissa Barrera। এ প্রসঙ্গ টেনে হান্নাহকে জিজ্ঞেস করা হয়, তাঁরও কি ‘কালোতালিকাভুক্ত’ হওয়ার আশঙ্কা আছে?

জবাবে তিনি বলেন, “আমি মনে করি তাঁরা যা জানেন, আমিও তা–ই জানি—চুপ থাকার মূল্য আরও বেশি।”

তিনি আরও বলেন, “কথা না বলার মধ্যেই আরও বড় ক্ষয় আছে। জীবনে কোনটি সত্যিই গুরুত্বপূর্ণ, তা পরিষ্কার থাকা দরকার। আমার ছোট্ট ক্যারিয়ার কখনোই একটি মানুষের জীবনের সমান হতে পারে না। তাই আমি এটিকে দায়িত্ব মনে করি এবং সব সময়ই কথা বলব।”

যাঁদের সঙ্গে কাজ করতে চান

আলোচনায় হান্নাহ প্রকাশ্যে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়া আরও কয়েকজন তারকার প্রশংসা করেন। তিনি বলেন, “আমি মেলিসা, সুসান, Mark Ruffalo কিংবা Javier Bardem—সবার সঙ্গেই কাজ করতে চাই।”

এমি মঞ্চেও উচ্চারণ করেছিলেন ‘ফ্রি প্যালেস্টাইন’

গত বছরের Primetime Emmy Awards–এ পুরস্কার গ্রহণের সময়ও রাজনৈতিক অবস্থানের কারণে আলোচনায় আসেন হান্নাহ। মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, “ফ্রি প্যালেস্টাইন।”

পরবর্তীতে এক পডকাস্ট সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেন, “দুঃখজনকভাবে হলিউডে অনেক মানুষ তখনই কোনো ইস্যুকে গুরুত্ব দেয়, যখন সেটি কোনো শ্বেতাঙ্গ মানুষের সঙ্গে সম্পর্কিত হয়ে পড়ে।”

নতুন ছবিতে স্বাধীনচেতা নির্মাতার চরিত্রে

কানে হান্নাহ তাঁর নতুন ছবি Teenage Sex and Death at Camp Miasma নিয়েও কথা বলেন। এতে তিনি ‘ক্রিস’ নামের এক স্বাধীনচেতা চলচ্চিত্র নির্মাতার চরিত্রে অভিনয় করেছেন, যিনি পুরোনো একটি কাল্ট হরর ফ্র্যাঞ্চাইজি নতুনভাবে ফিরিয়ে আনতে চান।

ছবিটিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন Gillian Anderson। তিনি সেখানে একসময়ের জনপ্রিয় ‘স্ক্রিম কুইন’ চরিত্রে অভিনয় করেছেন।

হান্নাহর ভাষায়, ছবিটি মূলত যৌনতা ঘিরে সমাজে তৈরি হওয়া লজ্জা, সংকোচ ও অস্বস্তির অনুভূতি নিয়ে কথা বলে—যে বিষয়গুলো নিয়ে প্রকাশ্যে আলোচনা খুব কমই হয়।

দ্য গার্ডিয়ান ও ভ্যারাইটি অবলম্বনে।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স