আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মাজারে গিয়ে শ্রদ্ধা জানান ও আশীর্বাদ নেন, কিন্তু মাজার ও মাজারভক্তদের ওপর হামলার ঘটনা ঘটলে তাঁদের অনেককেই পাশে দেখা যায় না। রাজধানীর শাহ আলীর মাজারে সাম্প্রতিক হামলার প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
রোববার সকালে রাজধানীর মিরপুরে শাহ আলী মাজার প্রাঙ্গণে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাধু-গুরু-ভক্ত ও ওলি-আউলিয়া আশেকান পরিষদ এবং ভাব বৈঠকী সভা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। এতে বিভিন্ন অঞ্চল থেকে আগত মাজারভক্ত, সাধক, বাউল ও সংস্কৃতিকর্মীরা অংশ নেন।
মজিবুর রহমান মঞ্জু বলেন, মাজার ও মাজারভক্তদের ওপর হামলা কেবল একটি ধর্মীয় অনুশীলনের ওপর আঘাত নয়; এটি ভিন্নমত ও ভিন্ন বিশ্বাসের মানুষের অধিকার ক্ষুণ্ন করারও শামিল। তিনি জুলুম ও বৈষম্যের বিরুদ্ধে দলমত-নির্বিশেষে সকল নাগরিককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, “ভোটের আগে সবাই মাজারে যায়। কিন্তু মাজারে হামলা হলে কেউ সহমর্মিতা জানাতে আসে না।” তাঁর মতে, রাজনৈতিক স্বার্থে ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যকে ব্যবহার করা হলেও সংকটের সময় সংশ্লিষ্ট মানুষদের পাশে দাঁড়ানোর প্রবণতা খুবই সীমিত।
ধর্মীয় অনুশীলন নিয়ে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে এবি পার্টির চেয়ারম্যান বলেন, ছোটবেলায় অনেকেই ভক্তিভরে মাজার জিয়ারত করেছেন, মোমবাতি জ্বালিয়েছেন। পরবর্তীতে আলেমদের কাছ থেকে এসবের ধর্মীয় ব্যাখ্যা জেনে কেউ কেউ তা পরিহার করেছেন। তবে এ ধরনের বিষয়ে ইসলামের শিক্ষা হলো যুক্তি ও উপদেশের মাধ্যমে মানুষকে বোঝানো, কোনোভাবেই হামলা বা সহিংসতার আশ্রয় নেওয়া নয়।
তিনি বলেন, “আলেমরা কখনো হামলা চালিয়ে এসব বন্ধ করতে উৎসাহ দেননি। ইসলামের কাজ হলো যুক্তি দিয়ে মানুষকে বোঝানো ও সংশোধন করা।” ভিন্ন মত বা বিশ্বাসের ওপর শক্তি প্রয়োগকে তিনি অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন।
মাজার ও ধর্মীয় স্থাপনার নিরাপত্তা জোরদারের দাবি জানিয়ে মজিবুর রহমান মঞ্জু দেশের সব মাজারে ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরা স্থাপনের আহ্বান জানান। পাশাপাশি মাদকবিরোধী অভিযান কেবল সাধারণ মানুষের মধ্যে সীমাবদ্ধ না রেখে সচিবালয় ও জাতীয় সংসদসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো থেকেও শুরু করার দাবি জানান তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ রোমেল।
এতে আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার এবং ফরিদুল হক।
বক্তারা বলেন, দেশের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও আইনের শাসন নিশ্চিত করা জরুরি। মাজার ও সংশ্লিষ্ট সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা রোধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য তাঁরা সরকারের প্রতি আহ্বান জানান।