ঢাকা

বেনজীর ইস্যুতে সরকারের সমালোচনা, কৃতিত্ব ইন্টারপোলকে দিলেন জামায়াত আমির

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে আটকের ঘটনায় বর্তমান সরকারের কোনো কৃতিত্ব নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।

তিনি বলেছেন, বেনজীর আহমেদের আটক সরকারের অর্জন নয়, এটি আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কৃতিত্ব। তাঁর বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করেনি বলেও দাবি করেন তিনি।

রোববার রাতে সিলেট সার্কিট হাউসে ১১-দলীয় ঐক্যজোটের নেতাদের সঙ্গে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শফিকুর রহমান।

‘বেনজীরের আটক বাংলাদেশের অর্জন’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন, “বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তাঁর বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করেনি। এটা আগের সরকার করেছে।”

তবে বেনজীর আহমেদের আটককে বাংলাদেশের জন্য একটি অর্জন হিসেবে উল্লেখ করেন তিনি।

শফিকুর রহমান বলেন, “বেনজীর দুবাইয়ের কারাগারে থাকবেন, নাকি দেশে আনা হবে, তা সরকারের সদিচ্ছার ওপর নির্ভর করছে।”

ভারতীয় রাষ্ট্রদূতের বক্তব্য নিয়ে ব্যাখ্যা চাইলেন

ভারতের নবনিযুক্ত রাষ্ট্রদূতের একটি বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরে শফিকুর রহমান বলেন, ওই বক্তব্যের ব্যাখ্যা চাওয়া হয়েছে। এ বিষয়ে দূতাবাসের প্রতিক্রিয়ার পরও আবার ব্যাখ্যা চাওয়া হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, ‘পুশ ইন’ ইস্যু নিয়ে জাতীয় সংসদে আলোচনা হওয়া প্রয়োজন। কিন্তু এ বিষয়ে কথা বলতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

জামায়াতের আমির বলেন, বিষয়টি সংসদে উত্থাপন না করার জন্য বিভিন্ন দিক থেকে তাঁর ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। তবে সংসদে কথা বলার সুযোগ না পেলেও প্রয়োজনে ‘জনতার সংসদে’ এসে কথা বলবেন বলে মন্তব্য করেন তিনি।

সংসদে আচরণ নিয়ে সমালোচনা

বিরোধী দলের নারী সদস্যদের পোশাক নিয়ে বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর একটি বক্তব্যের সমালোচনা করেন শফিকুর রহমান।

তিনি বলেন, “সবকিছুর একটা সীমা থাকা দরকার। সংসদকে আর আমরা মমতাজের সংসদ বানাতে চাই না। এই সংসদটা হোক দেশপ্রেমিক নেতৃবৃন্দের সংসদ।”

তিনি আরও বলেন, একজন সংসদ সদস্য দাঁড়িয়ে পর্দা বিষয়ে তুচ্ছতাচ্ছিল্য করেছেন। এ ধরনের বক্তব্যের ক্ষেত্রে ‘কমনসেন্স’ থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

‘বিরোধী দল মধ্যমপন্থা অবলম্বন করবে’

সংসদে বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, বিরোধী দল চরমপন্থা বা গরমপন্থা অবলম্বন করবে না, বরং মধ্যমপন্থার রাজনীতি করবে।

তিনি বলেন, জনগণের রায় ব্যর্থ হলে টেকসই গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয়। সংসদের মাধ্যমে সমস্যার সমাধান না হলে রাজপথে আন্দোলন চলবে বলেও জানান তিনি।

তবে সরকার দায়িত্বশীল আচরণ করলে দেশ ভালো থাকবে বলে মন্তব্য করেন বিরোধীদলীয় নেতা।

নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য

শফিকুর রহমান বলেন, শুধু ভালো নির্বাচন হলেই ভালো শাসক হওয়ার প্রমাণ পাওয়া যায় না।

তিনি অভিযোগ করেন, রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসা বর্তমান সরকার জুলাই সনদকে উপেক্ষা করেছে এবং গণভোটের রায় বাতিল করেছে।

তিনি আরও বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন মেনে না নিলে দেশে গৃহযুদ্ধের আশঙ্কা তৈরি হতে পারত। জাতীয় বৃহত্তর স্বার্থ বিবেচনায় নিয়ে তাঁরা নির্বাচনের ফলাফল মেনে নিয়েছেন।

মতবিনিময় সভায় উপস্থিত নেতারা

সিলেট সার্কিট হাউসে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, জেলা আমির হাবিবুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিলেট জেলা আহ্বায়ক জুনেদ আহমদ, মহানগর আহ্বায়ক আবদুর রহমান আফজল এবং বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরের সভাপতি এমরান আলমসহ অন্য নেতারাও সভায় বক্তব্য দেন।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স