ঢাকা

সমালোচনার ঝড়ের মাঝেও দুই দিনে প্রায় ৪০ কোটি রুপির ব্যবসা ‘আলফা’র

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও সমালোচকদের নানা মন্তব্যের মুখে পড়েছে আলিয়া ভাট অভিনীত স্পাই থ্রিলার ‘আলফা’। তবে নেতিবাচক প্রতিক্রিয়া সত্ত্বেও বক্স অফিসে ছবিটি আশাব্যঞ্জক সূচনা করেছে। মুক্তির প্রথম দুই দিনেই বিশ্বব্যাপী ছবিটির আয় পৌঁছেছে ৩৭ কোটি ৯০ লাখ রুপিতে, যা ৪০ কোটির মাইলফলক স্পর্শ করার খুব কাছাকাছি।

দ্বিতীয় দিনে ভারতে সিনেমাটি ৬ হাজার ৮৮২টি শো থেকে ১১ কোটি ৫০ লাখ রুপি (নেট) আয় করে। প্রথম দিনের তুলনায় এ আয় কিছুটা বেশি। ফলে দুই দিনে ভারতের মোট নেট আয় দাঁড়িয়েছে ২০ কোটি ৭৫ লাখ রুপিতে। একই সময়ে দেশটির গ্রস আয় হয়েছে ২৪ কোটি ৯০ লাখ রুপি।

বিদেশের বাজারেও ছবিটি স্থিতিশীল ব্যবসা করেছে। দ্বিতীয় দিনে আন্তর্জাতিক বাজার থেকে এসেছে ৭ কোটি রুপি। এতে বিদেশে দুই দিনের মোট আয় বেড়ে দাঁড়িয়েছে ১৩ কোটি রুপিতে। সব মিলিয়ে বিশ্বব্যাপী ছবিটির মোট গ্রস আয় এখন ৩৭ কোটি ৯০ লাখ রুপি।

সমালোচকদের মতামত

বাণিজ্যিকভাবে ভালো শুরু করলেও সমালোচকদের প্রতিক্রিয়া ছিল মিশ্র। অনেকেই আলিয়া ভাটের অভিনয়ের প্রশংসা করলেও চিত্রনাট্য ও গল্পের উপস্থাপন নিয়ে প্রশ্ন তুলেছেন।

সমালোচকদের মতে, ছবিতে একের পর এক চমক ও মোড় যোগ করা হলেও সেগুলোর অনেকগুলোরই যথেষ্ট যৌক্তিক ভিত্তি নেই। ফলে রহস্য তৈরি করার বদলে অনেক সময় গল্পের গতি দুর্বল হয়ে পড়ে। বিশেষ করে দ্বিতীয়ার্ধে নাটকীয়তার মাত্রা বেড়ে যাওয়ায় বাস্তবতার ঘাটতি আরও স্পষ্ট হয়েছে।

এ ছাড়া ছবির শুরুতেই প্রধান চরিত্রকে সহিংস কর্মকাণ্ডে জড়িত দেখানোর কারণে দর্শকদের কাছে তাকে নায়কোচিত চরিত্র হিসেবে গ্রহণ করা কঠিন হয়ে পড়ে বলেও মত দিয়েছেন কয়েকজন সমালোচক।

‘আলফা’র গল্প

পরিচালক শিব রাওয়াইল নির্মিত এবং উদয় চোপড়া রচিত ‘আলফা’ যশরাজ স্পাই ইউনিভার্সের সপ্তম সিনেমা। এতে আলিয়া ভাটের পাশাপাশি অভিনয় করেছেন শর্বরী বাগ, অনিল কাপুর, ববি দেওল ও দিয়া মির্জা।

গল্পের কেন্দ্রে রয়েছে একটি গোপন সামরিক প্রকল্প, যেখানে তৈরি করা হয় ‘আলফা’ নামের বিশেষ এক সিরাম। এই সিরামের মাধ্যমে একজন মানুষ অতিমানবীয় শক্তি অর্জন করতে পারে। পরীক্ষার সফল ফল হিসেবে তৈরি হয় সীতা চরিত্রটি। ছোটবেলা থেকেই তাকে গোপনে প্রশিক্ষণ দেওয়া হয়। কিন্তু সময়ের সঙ্গে সে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং ভারতের গোয়েন্দা সংস্থার এক শীর্ষ কর্মকর্তাকে লক্ষ্যবস্তু বানায়। সেই অভিযানের মধ্য দিয়েই উন্মোচিত হতে থাকে কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রের অজানা সম্পর্ক ও রহস্য।

আলিয়ার পাশে করণ জোহর

ছবিটি নিয়ে অনলাইনে ব্যাপক সমালোচনা হলেও আলিয়া ভাট ও পুরো টিমের পাশে দাঁড়িয়েছেন নির্মাতা-প্রযোজক করণ জোহর। তাঁর মতে, সামাজিক যোগাযোগমাধ্যমের ট্রল বা নেতিবাচক মন্তব্য নয়, বরং প্রেক্ষাগৃহে দর্শকের উপস্থিতিই একটি সিনেমার প্রকৃত সাফল্যের মানদণ্ড।

তিনি বলেন, বর্তমান সময়ে দর্শককে হলে টানাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই বিবেচনায় ‘আলফা’র উদ্বোধনী আয় ইতিবাচক ইঙ্গিত বহন করে। তাঁর ভাষ্য, অনলাইনের সমালোচনার চেয়ে দর্শকের টিকিট কেটে সিনেমা দেখা অনেক বেশি গুরুত্বপূর্ণ।

আলিয়া ভাটের প্রশংসা করে করণ আরও বলেন, বড় পর্দায় দর্শক টানার ক্ষমতা ও অভিনয় দক্ষতার জন্য আলিয়া আলাদা স্বীকৃতির দাবিদার। একই সঙ্গে বড় বাজেটের থিয়েটারকেন্দ্রিক চলচ্চিত্র নির্মাণে যশরাজ ফিল্মসের ধারাবাহিক প্রচেষ্টারও প্রশংসা করেন তিনি। তাঁর মতে, এ ধরনের সিনেমাই প্রেক্ষাগৃহের ব্যবসাকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স