ঢাকা

‘মেঘ’ নিয়ে বিতর্কের মাঝে শিল্পীদের সম্মান করার আহ্বান সুনিধির

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


‘কোক স্টুডিও বাংলা’র চতুর্থ মৌসুমের দ্বিতীয় গান ‘মেঘ’ প্রকাশের পর থেকেই এটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। বর্ষাকে ঘিরে নির্মিত গানটি শ্রোতাদের মধ্যে কৌতূহল তৈরি করলেও রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সোনার তরী’ কবিতার নতুন উপস্থাপন অনেকের কাছে গ্রহণযোগ্য হয়নি।

অর্ণবের সংগীতায়োজনে তৈরি গানটিতে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ শোয়েব, মাশা ইসলাম ও মৌসুমী দত্ত। শাস্ত্রীয় সংগীত, আধুনিক সাউন্ড এবং হিপহপের মিশেলে নির্মিত এই পরিবেশনা নিয়ে শ্রোতাদের প্রতিক্রিয়া ছিল মিশ্র। কেউ নতুন পরীক্ষাধর্মী প্রয়াসের প্রশংসা করেছেন, আবার অনেকে মনে করেছেন গানটির কিছু অংশ প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়নি।

ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে গানটি নিয়ে নানা ধরনের মন্তব্য দেখা যায়। অনেকের মতে, ‘সোনার তরী’ অংশটি ভিন্নভাবে উপস্থাপন করা হলে গানটি আরও উপভোগ্য হতে পারত। আবার কেউ পুরো আয়োজন নিয়েই হতাশা প্রকাশ করেছেন।

এসব সমালোচনার বিষয়ে অর্ণব নিজে কোনো মন্তব্য না করলেও তাঁর স্ত্রী ও সংগীতশিল্পী সুনিধি নায়েক একটি আবেগঘন বার্তা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি বলেন, একজন শিল্পীর প্রতিটি সৃষ্টি সবার ভালো লাগবে—এমন প্রত্যাশা বাস্তবসম্মত নয়। কোনো কাজ দর্শকের মন ছুঁয়ে যায়, আবার কোনো কাজ হয়তো তেমন সাড়া ফেলতে পারে না—এটাই শিল্পচর্চার স্বাভাবিক অংশ।

সুনিধি আরও বলেন, কাজের সমালোচনা অবশ্যই করা যেতে পারে, তবে সেটি যেন কখনো ব্যক্তিগত আক্রমণে পরিণত না হয়। তাঁর ভাষায়, শিল্পীরও অনুভূতি রয়েছে এবং সম্মান পাওয়ার অধিকার রয়েছে।

অর্ণবের দীর্ঘ সংগীতজীবনের প্রসঙ্গ টেনে তিনি স্মরণ করিয়ে দেন, ‘মাঝে মাঝে’, ‘আধেক ঘুমে’, ‘কান পেতে রই’, ‘মেঘ বলেছে যাবো’ ও ‘প্রচণ্ড গর্জনে’র মতো বহু জনপ্রিয় গান তিনি উপহার দিয়েছেন। সুনিধির মতে, একজন শিল্পীর সব কাজ সমান সফল হবে না, কারণ সৃষ্টিশীলতার পথেই সাফল্য ও ব্যর্থতা পাশাপাশি থাকে।

তিনি সতর্ক করে বলেন, যদি প্রতিটি অপছন্দের কাজের জন্য শিল্পীকে ব্যক্তিগতভাবে অপমান বা বিদ্রূপ করা হয়, তাহলে নতুন কিছু সৃষ্টির সাহস অনেকেই হারিয়ে ফেলতে পারেন। এতে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয় শিল্প ও সংস্কৃতিই।

সুনিধির বক্তব্যের শেষাংশে ছিল শিল্পীদের প্রতি সহমর্মিতার আহ্বান। তিনি বলেন, শিল্পীরা হারিয়ে যান না; বরং অতিরিক্ত বিদ্বেষ ও নির্মম সমালোচনাই তাঁদের নীরব করে দেয়। তাই মতভেদ থাকলেও সমালোচনার ভাষা যেন শালীন ও সম্মানজনক থাকে।

গত ২৮ জুন প্রকাশিত ‘মেঘ’ নিয়ে বিতর্ক এখনো অব্যাহত থাকলেও সুনিধির এই বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তাঁর আহ্বানকে শিল্পচর্চার সুস্থ পরিবেশ গড়ে তোলার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স