যুক্তরাজ্যে উচ্চশিক্ষায় আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ‘বার্কবেক ইন্টারন্যাশনাল এক্সিলেন্স স্কলারশিপ ২০২৬’ ঘোষণা করেছে বার্কবেক, ইউনিভার্সিটি অব লন্ডন। এই বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা প্রথম বছরের টিউশন ফির ওপর ১ হাজার থেকে সর্বোচ্চ ৫ হাজার পাউন্ড পর্যন্ত ছাড় পাবেন। স্নাতক (আন্ডারগ্র্যাজুয়েট) ও স্নাতকোত্তর (পোস্টগ্র্যাজুয়েট) উভয় পর্যায়ের শিক্ষার্থীরাই এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সীমিতসংখ্যক বৃত্তি প্রদান করা হবে। এটি পূর্ণ অর্থায়ন (ফুল-ফান্ডেড) স্কলারশিপ নয়; বরং শিক্ষার্থীদের টিউশন ফির একটি অংশ কমিয়ে দেওয়া হবে। অর্থাৎ বৃত্তির অর্থ সরাসরি শিক্ষার্থীর হাতে দেওয়া হবে না, ভর্তি প্রক্রিয়ার সময় টিউশন ফি থেকে নির্ধারিত পরিমাণ অর্থ সমন্বয় করা হবে।
কারা আবেদন করতে পারবেন
বৃত্তির জন্য আবেদনকারীকে অবশ্যই আন্তর্জাতিক বা ‘ওভারসিজ’ ফি-প্রদানকারী শিক্ষার্থী হতে হবে। পাশাপাশি ২০২৬ সালের শরৎকালীন (অটাম) সেশনে বার্কবেকের কোনো পূর্ণকালীন কোর্সে নিঃশর্ত (Unconditional) ভর্তি-প্রস্তাব (Offer) পেতে হবে।
বিশ্ববিদ্যালয় জানিয়েছে, মূলত যেসব শিক্ষার্থী প্রথমবারের মতো বার্কবেকে ভর্তি হবেন, তাঁরাই এই বৃত্তির জন্য বিবেচিত হবেন। বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থী, সরকারি বা অন্য কোনো প্রতিষ্ঠানের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এবং শর্ট কোর্সে ভর্তি হওয়া শিক্ষার্থীরা এ সুবিধার আওতায় থাকবেন না।
কী কী সুবিধা মিলবে
এই স্কলারশিপের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীরা প্রথম শিক্ষাবর্ষের টিউশন ফির ওপর ১ হাজার থেকে ৫ হাজার পাউন্ড পর্যন্ত ছাড় পাবেন। তবে জীবনযাত্রার ব্যয়, আবাসন, বিমান ভাড়া, ভিসা ফি, স্বাস্থ্যবিমা বা অন্যান্য ব্যক্তিগত খরচ এই বৃত্তির আওতায় অন্তর্ভুক্ত নয়।
তাই আবেদনকারীদের অবশিষ্ট টিউশন ফি এবং যুক্তরাজ্যে অবস্থানকালীন ব্যয় নিজস্ব অর্থায়নে বহন করার সক্ষমতার প্রমাণ বা সুস্পষ্ট পরিকল্পনা দেখাতে হবে। বিশ্ববিদ্যালয়ের ভাষ্য অনুযায়ী, এই স্কলারশিপটি মূলত সেলফ-ফান্ডেড আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছে।
যেভাবে নির্বাচন করা হবে
শিক্ষার্থীদের একাডেমিক ফলাফল, ভবিষ্যৎ সম্ভাবনা এবং আবেদনপত্রের সামগ্রিক মান মূল্যায়নের ভিত্তিতে বৃত্তিপ্রাপ্তদের নির্বাচন করা হবে। নির্বাচিত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রচারণামূলক, শিক্ষার্থী-সম্পৃক্ত এবং প্রতিনিধিত্বমূলক কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ থাকতে পারে।
আবেদনের সময়সীমা
২০২৬ শিক্ষাবর্ষের জন্য ধাপে ধাপে আবেদন গ্রহণ করা হচ্ছে। বর্তমান ধাপের আবেদনের শেষ সময় ১৯ জুলাই ২০২৬। এরপর চূড়ান্ত ধাপে আবেদন গ্রহণ চলবে ১৬ আগস্ট ২০২৬ পর্যন্ত।
বিশ্ববিদ্যালয় আরও জানিয়েছে, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অবশ্যই ২০২৬ সালের ৬ সেপ্টেম্বরের মধ্যে ভর্তি নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি সম্পন্ন করতে ব্যর্থ হলে স্কলারশিপ বাতিল হতে পারে।
গুরুত্বপূর্ণ শর্ত
বার্কবেক কর্তৃপক্ষ জানিয়েছে, বৃত্তি প্রদান, পরিবর্তন বা প্রত্যাহারের পূর্ণ অধিকার বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে। একজন শিক্ষার্থী একাধিক স্কলারশিপের জন্য যোগ্য হলেও কেবল একটি বৃত্তি পাবেন। সে ক্ষেত্রে সর্বোচ্চ আর্থিক সুবিধাসম্পন্ন স্কলারশিপটিই প্রদান করা হবে।
বার্কবেক ও ইউনিভার্সিটি অব লন্ডন সম্পর্কে
১৮৩৬ সালে প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি অব লন্ডন যুক্তরাজ্যের অন্যতম প্রাচীন পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়। এটি ১৭টি স্বায়ত্তশাসিত কলেজ এবং একাধিক কেন্দ্রীয় ইনস্টিটিউট নিয়ে গঠিত। এই বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠান বার্কবেক কর্মজীবী ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার বিভিন্ন সুযোগ দিয়ে থাকে। পাশাপাশি ইউনিভার্সিটি অব লন্ডনের দূরশিক্ষণ কর্মসূচির মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা নিজ দেশে অবস্থান করেও আন্তর্জাতিক মানের ডিগ্রি অর্জনের সুযোগ পান।
যুক্তরাজ্যে তুলনামূলক কম খরচে উচ্চশিক্ষার সুযোগ খুঁজছেন এমন আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বার্কবেক ইন্টারন্যাশনাল এক্সিলেন্স স্কলারশিপ ২০২৬ একটি উল্লেখযোগ্য সুযোগ হিসেবে বিবেচিত হতে পারে।