শান্ত–মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির (এসএমইউসিটি) ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি (এফডিটি) বিভাগের ৪৪তম ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য গ্র্যাজুয়েশন ফ্যাশন শো অনুষ্ঠিত হয়েছে। ‘Every Stitch Tells Our Story’ প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের সৃজনশীল নকশা, কারিগরি দক্ষতা এবং সমসাময়িক ফ্যাশন–ভাবনার সমন্বয়ে তৈরি বিভিন্ন পোশাক সংগ্রহ (কালেকশন) দর্শকদের সামনে উপস্থাপন করা হয়।
শনিবার (১১ জুলাই) বিকেলে রাজধানীর উত্তরার বিজিএমইএ কমপ্লেক্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, ফ্যাশন ডিজাইনার, পোশাকশিল্প–সংশ্লিষ্ট উদ্যোক্তা, নিয়োগদাতা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্ত–মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির উপাচার্য অধ্যাপক মো. শাহ–ই–আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম।
এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক এবং বাংলাদেশের আধুনিক কারুশিল্পের অন্যতম রূপকার, গবেষক ও খ্যাতিমান ডিজাইনার চন্দ্রশেখর সাহা।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব ডিজাইন অ্যান্ড টেকনোলজির ডিন অধ্যাপক শিশির ভট্টাচার্য। এ সময় ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রধান আফরোজা হক ডেইজিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং ফ্যাশন ও তৈরি পোশাকশিল্পের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এবারের গ্র্যাজুয়েশন ফ্যাশন শোতে পাঁচটি ভিন্নধর্মী থিমভিত্তিক কালেকশন উপস্থাপন করেন শিক্ষার্থীরা। এসব কালেকশনের মধ্যে ছিল স্মার্ট ক্যাজুয়াল, ঐতিহ্যবাহী পোশাক, স্ট্রিটওয়্যার, ইভনিং ওয়্যার এবং ফেস্টিভ ও ব্রাইডাল–অনুপ্রাণিত পোশাক। প্রতিটি সংগ্রহে আধুনিক নকশা, সৃজনশীল কারুশিল্প এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী উপাদানের সমন্বয় তুলে ধরা হয়।
র্যাম্পে প্রদর্শিত প্রতিটি ডিজাইনে শিক্ষার্থীদের মৌলিক চিন্তা, রঙের ব্যবহার, কাপড় নির্বাচন, কারুকাজ এবং সমকালীন ফ্যাশন–প্রবণতার সঙ্গে দেশীয় ঐতিহ্যের সংমিশ্রণ দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে। নবীন ডিজাইনারদের উদ্ভাবনী ভাবনা ও পেশাদার উপস্থাপনা অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের প্রশংসা অর্জন করে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল জমকালো র্যাম্প শো, নবীন ডিজাইনারদের পরিচিতি পর্ব, অতিথিদের বক্তব্য এবং ফ্যাশন ও পোশাকশিল্পে সহযোগিতাকারী বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান। একই সঙ্গে দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন হাউস, টেক্সটাইল ও তৈরি পোশাকশিল্পের উদ্যোক্তা, শিল্প–সংশ্লিষ্ট প্রতিনিধি, নিয়োগদাতা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ করে তোলে।
বক্তারা বলেন, গ্র্যাজুয়েশন ফ্যাশন শো শুধু শিক্ষার্থীদের একাডেমিক অর্জনের সমাপনী আয়োজন নয়; এটি তাঁদের পেশাজীবনে প্রবেশের আগে নিজেদের সৃজনশীলতা, দক্ষতা ও উদ্ভাবনী সক্ষমতা শিল্প খাতের সামনে তুলে ধরার একটি কার্যকর প্ল্যাটফর্ম। এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব শিল্প–পরিবেশের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি সম্ভাব্য নিয়োগদাতা ও উদ্যোক্তাদের সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ পান।
আলোচনা পর্বে আয়োজক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন, ফ্যাশন ডিজাইন শিক্ষা, গবেষণা এবং শিল্প–একাডেমিয়ার পারস্পরিক সহযোগিতা জোরদারের মাধ্যমে দক্ষ ও উদ্ভাবনী মানবসম্পদ গড়ে তুলতে শান্ত–মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। গ্র্যাজুয়েশন ফ্যাশন শো সেই অঙ্গীকারেরই একটি বাস্তব প্রতিফলন, যা দেশের ফ্যাশন ও তৈরি পোশাকশিল্পের জন্য ভবিষ্যৎ ডিজাইনার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।