ঢাকা

চূড়ান্ত ভর্তির সময় বাড়িয়ে বিজ্ঞপ্তি প্রকাশ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে চলমান অতিবর্ষণ ও বন্যা পরিস্থিতির কারণে গুচ্ছভুক্ত (জিএসটি) ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তির সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীরা আগামী ১৬ জুলাই ২০২৬ পর্যন্ত চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

রোববার (১৩ জুলাই) গুচ্ছভুক্ত ভর্তি কমিটির সদস্যসচিব এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মনজুরুল হক স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে সাম্প্রতিক অতিবর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগের ফলে সৃষ্ট বন্যা পরিস্থিতির অবনতির বিষয়টি বিবেচনায় নিয়ে গত ১২ জুলাই অনুষ্ঠিত জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর কোর কমিটির সভায় চূড়ান্ত ভর্তির সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি কার্যক্রম ১৬ জুলাই পর্যন্ত চলবে।

তবে পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী অধিকাংশ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের উদ্বোধনী ক্লাস ১৫ জুলাই থেকেই শুরু হবে। তবে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তাদের নিজস্ব পরিস্থিতি বিবেচনায় প্রথম বর্ষের ক্লাস শুরুর তারিখ পৃথকভাবে নির্ধারণ করবে।

এর আগে ভর্তি কমিটি ৮ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত চূড়ান্ত ভর্তি কার্যক্রম পরিচালনার সময়সূচি ঘোষণা করেছিল। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অঞ্চলের শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে এবার সেই সময়সীমা তিন দিন বাড়ানো হয়েছে।

ওয়ান স্টেপ পদ্ধতিতে ভর্তি

এবার প্রথমবারের মতো গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ‘ওয়ান স্টেপ’ পদ্ধতিতে চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে। এ পদ্ধতিতে একজন শিক্ষার্থীকে একই স্থানে প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করার সুযোগ দেওয়া হবে।

যেসব শিক্ষার্থী ইতোমধ্যে কোনো বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি সম্পন্ন করেছেন কিন্তু অন্য বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি হতে চান, তাঁদের আগে জমা দেওয়া মূল শিক্ষাগত কাগজপত্র সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় থেকে উত্তোলন করে নতুন বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তির সময় জমা দিতে হবে।

চূড়ান্ত ভর্তিতে যেসব কাগজপত্র লাগবে

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে শিক্ষার্থীদের নিম্নোক্ত কাগজপত্র সঙ্গে রাখতে হবে—

ভর্তি পরীক্ষার সময় হল পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত মূল প্রবেশপত্রসহ শিক্ষার্থীকে অবশ্যই সশরীরে উপস্থিত হতে হবে।
এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র, মূল সনদ এবং সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রাপ্ত মূল প্রশংসাপত্র জমা দিতে হবে। যদি এসব কাগজপত্র প্রাথমিক ভর্তির সময় অন্য বিশ্ববিদ্যালয়ে জমা দেওয়া হয়ে থাকে, তাহলে সেখান থেকে উত্তোলন করে আনতে হবে।
শিক্ষাগত যোগ্যতার সব কাগজপত্রের এক সেট ফটোকপি জমা দিতে হবে।
মুক্তিযোদ্ধা কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মূল মুক্তিযোদ্ধা সনদ এবং উপজাতি কোটার শিক্ষার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সার্কেল চিফ বা জেলা প্রশাসকের দেওয়া সনদের ফটোকপি জমা দিতে হবে।
কেন চালু হলো ‘ওয়ান স্টেপ’ পদ্ধতি

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রমকে আরও সহজ, দ্রুত ও শিক্ষার্থীবান্ধব করতে এবার প্রথমবারের মতো ওয়ান স্টেপ ভর্তি পদ্ধতি চালু করা হয়েছে।

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর কোর কমিটির আহ্বায়ক এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ কে এম মতিনুর রহমান এ পদ্ধতি বাস্তবায়নের নির্দেশনা দেন।

নতুন ব্যবস্থায় শিক্ষার্থীরা একটি নির্ধারিত স্থানে প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দিতে পারবেন। সেখানে সংশ্লিষ্ট ডিন, প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে একই সঙ্গে ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে। একইসঙ্গে সব ধরনের নির্ধারিত ফি পরিশোধের সুযোগও থাকবে।

ভর্তি কমিটির মতে, একাধিক দপ্তরে ঘুরে ঘুরে কাগজপত্র জমা দেওয়া ও বিভিন্ন ধাপে ফি পরিশোধের ঝামেলা কমিয়ে শিক্ষার্থীদের সময়, অর্থ ও ভোগান্তি কমাতেই এ নতুন পদ্ধতি চালু করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স