কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে চীনের নেতৃত্বে গঠিত ওয়ার্ল্ড এআই কো-অপারেশন অর্গানাইজেশন (ডব্লিউএআইসিও)-এ পর্যবেক্ষক (অবজারভার) হিসেবে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
গত ১৬ জুলাই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা সাংহাইভিত্তিক এই সংস্থাটি ২৯টি দেশ নিয়ে গঠিত হয়েছে। এর প্রধান লক্ষ্য হলো এআই প্রযুক্তিতে বৈশ্বিক সহযোগিতা বাড়ানো, উন্নয়নশীল দেশগুলোর মধ্যে ডিজিটাল বৈষম্য কমানো, নিরাপদ ও দায়িত্বশীল এআই ব্যবহারের নীতিমালা প্রণয়ন এবং প্রযুক্তির সুফল যেন সব দেশের মানুষ সমানভাবে পায়, তা নিশ্চিত করা।
গত মাসে সাংহাইয়ে অনুষ্ঠিত বৈশ্বিক এআই সম্মেলন ও সুশাসনবিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে এই জোটের ঘোষণা দেওয়া হয়। সেখানে শতাধিক দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে রয়েছে চীন, রাশিয়া, পাকিস্তান, ব্রাজিল, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা ও সেনেগালসহ বিভিন্ন উন্নয়নশীল দেশ। ওই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তিবিষয়ক মন্ত্রী ফকির মাহবুব আনাম।
কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, গত ২২ জুলাই ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সে সময় বাংলাদেশকে ডব্লিউএআইসিওতে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
এর ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে দুই দেশের চলমান সহযোগিতা, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের সিদ্ধান্ত বাস্তবায়ন এবং ডব্লিউএআইসিওতে বাংলাদেশের সম্পৃক্ততার বিষয় নিয়ে আলোচনা হয়।
বাংলাদেশের এই সিদ্ধান্ত এমন সময়ে এসেছে, যখন যুক্তরাষ্ট্রও দেশের তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে। শনিবার মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গর ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করে আইটি খাতে বিনিয়োগ ও সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। বৈঠকে বাংলাদেশের প্রযুক্তি খাতের সম্ভাবনার প্রশংসা করে তিনি ভবিষ্যতে দেশটি প্যাক্স সিলিকা উদ্যোগের অংশীদার হওয়ার সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ২০২৫ সালের শেষ দিকে প্যাক্স সিলিকা নামে একটি আন্তর্জাতিক উদ্যোগ চালু করে। এর উদ্দেশ্য হলো কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর এবং গুরুত্বপূর্ণ খনিজসম্পদের নিরাপদ ও নির্ভরযোগ্য বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা।
সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, বিশ্ব এখন ধীরে ধীরে ভিন্ন ভিন্ন প্রযুক্তিনির্ভর কাঠামোর দিকে এগোচ্ছে। তাঁর ভাষায়, নতুন এআই সহযোগিতা সংস্থাটি নিয়ে যুক্তরাষ্ট্রও পর্যালোচনা চালাচ্ছে। এ বিষয়ে আন্তর্জাতিক অবস্থান আরও স্পষ্ট হলে বাংলাদেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।