প্রাথমিক শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা, আত্মরক্ষা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এ উদ্যোগের অংশ হিসেবে প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণির বাধ্যতামূলক ক্রীড়াশিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
শুক্রবার রাজধানীর বিজয় সরণির র্যাংগস ভবনে বাংলাদেশ কিয়োকুশিন কারাতে সংস্থা আয়োজিত ‘ব্ল্যাক বেল্ট প্রদান অনুষ্ঠান’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি আত্মবিশ্বাস, শৃঙ্খলা, আত্মনিয়ন্ত্রণ এবং ইতিবাচক ব্যক্তিত্ব গঠনের লক্ষ্যে সরকার প্রাথমিক শিক্ষায় ক্রীড়া কার্যক্রমকে আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে। মার্শাল আর্টকে বাধ্যতামূলক ক্রীড়াশিক্ষার অংশ করা সেই উদ্যোগেরই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
তিনি বলেন, ‘মার্শাল আর্ট শুধু আত্মরক্ষার কৌশল নয়; এটি শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, আত্মবিশ্বাস, ধৈর্য ও ইতিবাচক মানসিকতা গড়ে তোলে। একজন শিক্ষার্থী যখন নিজের ওপর আস্থা অর্জন করে, তখন সে সহিংসতা ও সংঘাত থেকে দূরে থাকতে শেখে এবং সমাজে দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা রাখতে সক্ষম হয়।’
সারা দেশে প্রশিক্ষণ সম্প্রসারণের আহ্বান
ববি হাজ্জাজ বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ, আত্মবিশ্বাসী, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলা এবং মার্শাল আর্টের বিস্তার অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি কারাতে সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ধাপে ধাপে মার্শাল আর্ট প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণের জন্য একটি বাস্তবসম্মত ও কার্যকর পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন।
সরকার এ উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় নীতিগত ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা দিতে প্রস্তুত বলেও তিনি আশ্বাস দেন।
কারাতে চর্চার ব্যক্তিগত স্মৃতিচারণ
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রতিমন্ত্রী নিজের কারাতে চর্চার অভিজ্ঞতার কথাও স্মরণ করেন।
তিনি জানান, ১৯৯১ সালে কিয়োকুশিন কারাতে প্রশিক্ষণের মাধ্যমে তাঁর মার্শাল আর্টে যাত্রা শুরু হয়। সে সময়ের কঠোর অনুশীলন, সহপাঠীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বিভিন্ন ব্রেকিং প্রদর্শনীর অভিজ্ঞতা আজও তাঁর স্মৃতিতে উজ্জ্বল।
তিনি বলেন, অনুষ্ঠানে বর্তমান প্রজন্মের কারাতেকাদের পরিবেশনা দেখে তিন দশক আগের প্রশিক্ষণ জীবনের স্মৃতি আবারও ফিরে এসেছে।
নেতৃত্ব ও আত্মরক্ষার দক্ষতা গড়ে তুলবে
ববি হাজ্জাজ বলেন, মার্শাল আর্ট শিক্ষার্থীদের শুধু আত্মরক্ষার কৌশলই শেখায় না, বরং নেতৃত্বের গুণাবলি, আত্মনিয়ন্ত্রণ, দায়িত্ববোধ এবং আত্মবিশ্বাস গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তাঁর ভাষায়, এ ধরনের প্রশিক্ষণ ভবিষ্যৎ প্রজন্মকে আরও মানবিক, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।
ব্ল্যাক বেল্ট অর্জনকারীদের সংবর্ধনা
অনুষ্ঠান শেষে বাংলাদেশ কিয়োকুশিন কারাতে সংস্থার ব্ল্যাক বেল্ট অর্জনকারী কারাতেকাদের হাতে সনদ ও ব্ল্যাক বেল্ট তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী।
এ সময় তিনি কৃতী কারাতেকাদের অভিনন্দন জানান এবং তাঁদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। পাশাপাশি দেশে মার্শাল আর্টের প্রসার এবং শিশু-কিশোরদের মধ্যে আত্মরক্ষা ও শৃঙ্খলাবোধ গড়ে তুলতে সংশ্লিষ্ট সংগঠনগুলোর কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।