ঢাকা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


বিদ্রোহ, সাম্য, মানবতা ও ভালোবাসার চেতনায় বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদর ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে (বর্তমান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা সাহিত্য ও সংগীতের এই কিংবদন্তি ব্যক্তিত্ব। দিনটি উপলক্ষে দেশজুড়ে কবির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানানো হচ্ছে।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবি নজরুল ইনস্টিটিউটের উদ্যোগে আজ ‘মৃত্যুঞ্জয়ী নজরুল’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এর পাশাপাশি দোয়া মাহফিল এবং হামদ-নাতের আয়োজনও রয়েছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও প্রতিষ্ঠানিক সংগঠনও দিবসটি ঘিরে নানা কর্মসূচি হাতে নিয়েছে।

১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন নজরুল ইসলাম। ছোটবেলায় তাঁর ডাকনাম ছিল ‘দুখু মিয়া’। দারিদ্র্য ও নানা প্রতিকূলতার মধ্য দিয়ে বেড়ে উঠলেও শৈশব থেকেই তাঁর মধ্যে সাহিত্য ও সৃষ্টিশীলতার প্রতিভা প্রকাশ পেতে থাকে।

মাত্র ২৩ বছরের সাহিত্যজীবনে নজরুল কবিতা, গান, গল্প, উপন্যাস, প্রবন্ধসহ বাংলা সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখেন। তাঁর সৃষ্টিশীলতার ব্যাপ্তি ও বৈচিত্র্য আজও বাংলা ভাষা ও সাহিত্যের অন্যতম মূল্যবান সম্পদ হিসেবে বিবেচিত।

নজরুলের কবিতা ও গান মানুষের অধিকার, স্বাধীনতা ও শোষণমুক্তির আকাঙ্ক্ষাকে জাগ্রত করেছে। একই সঙ্গে তাঁর সৃষ্টিতে ফুটে উঠেছে প্রেম, সৌন্দর্য ও মানবতার গভীর আবেদন। বিদ্রোহ ও প্রেম—দুই ভিন্ন অনুভূতিকে তিনি অনন্য শিল্পসুষমায় প্রকাশ করেছেন।

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের পর ১৯৭২ সালের ২৪ মে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে ভারত সরকারের অনুমতি নিয়ে কবি নজরুল ইসলামকে সপরিবারে বাংলাদেশে আনা হয়। তাঁকে বাংলাদেশের জাতীয় কবির মর্যাদা দেওয়া হয় এবং রাষ্ট্রীয়ভাবে তাঁর বসবাসের ব্যবস্থা করা হয় ঢাকার ধানমন্ডিতে।

১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় নজরুলকে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি প্রদান করে। এরপর ১৯৭৬ সালে বাংলাদেশ সরকার তাঁকে দেশের নাগরিকত্ব দেয়। একই বছর ২১ ফেব্রুয়ারি তিনি লাভ করেন বাংলাদেশের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক

নজরুলের মৃত্যু হলেও তাঁর দ্রোহ, সাম্য, মানবতা ও ভালোবাসার বাণী আজও বাঙালির চেতনায় সমানভাবে প্রাসঙ্গিক।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স