ঢাকা

ফল সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাল ইউল্যাব

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) ফল–২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ইউল্যাব ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনে স্বাগত জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মি. মিচেল লি। নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বিশ্ববিদ্যালয় জীবনে বিদ্যমান বিভিন্ন সুযোগ সর্বোচ্চ কাজে লাগানোর আহ্বান জানান।

মিচেল লি বলেন, বিশ্ববিদ্যালয়জীবনের শিক্ষা শুধু শ্রেণিকক্ষের পাঠের মধ্যেই সীমাবদ্ধ নয়। শ্রেণিকক্ষের বাইরেও শিক্ষার্থীদের শেখার নানা সুযোগ রয়েছে, যা তাদের জ্ঞান ও অভিজ্ঞতাকে সমৃদ্ধ করতে পারে। এ সময় তিনি সমালোচনামূলক চিন্তাভাবনার বিকাশের ওপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতে সমাজে অর্থবহ অবদান রাখার জন্য শিক্ষার্থীদের নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।

নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে ইউল্যাবের উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তূজা বলেন, বিশ্ববিদ্যালয় জীবন কেবল একটি ডিগ্রি অর্জনের সময় নয়; বরং জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা অর্জনের মাধ্যমে ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করার গুরুত্বপূর্ণ সময়।

তিনি নবীন শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান। এসব কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের আগ্রহ ও প্রতিভা বিকাশের পাশাপাশি নেতৃত্ব, যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ দক্ষতা অর্জনের সুযোগ পাবেন বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের জন্য বিশেষ একটি উদ্যোগের সঙ্গে পরিচয় করিয়ে দেন উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তূজা। শিক্ষার্থীদের উপহার হিসেবে দেওয়া হয় বকুল ফুলের বীজসমৃদ্ধ সিড বক্স। বিশ্ববিদ্যালয়জীবনে শিক্ষার্থীদের ব্যক্তিগত বিকাশ ও রূপান্তরের প্রতীক হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা বকুল ফুলের বীজ রোপণ ও পরিচর্যা করবেন। একটি বীজ ধীরে ধীরে গাছে পরিণত হওয়ার প্রক্রিয়ার সঙ্গে নিজেদের বিশ্ববিদ্যালয়জীবনের বিকাশ ও পরিবর্তনের অভিজ্ঞতাকেও তারা যুক্ত করতে পারবেন। একই সঙ্গে গাছের বেড়ে ওঠার সঙ্গে নিজেদের বিকাশের গল্প ভাগ করে নেওয়ার সুযোগ থাকবে তাদের।

অনুষ্ঠানের অভিজ্ঞতা বিনিময় পর্বে বক্তব্য দেন ইউল্যাবের নবীন ও প্রাক্তন শিক্ষার্থীরা। তারা বিশ্ববিদ্যালয়জীবনের অভিজ্ঞতা, প্রত্যাশা ও বিভিন্ন সুযোগ নিয়ে নিজেদের ভাবনা তুলে ধরেন।

নবীনবরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউল্যাবের সহ-উপাচার্য অধ্যাপক জুড উইলিয়াম হেনিলো এবং বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা ও কোষাধ্যক্ষ অধ্যাপক মিলন কুমার ভট্টাচার্য। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, অ্যালামনাই এবং ফল–২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নবীন শিক্ষার্থীদের জন্য আয়োজিত এ অনুষ্ঠানে একাডেমিক জীবনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রমে যুক্ত হওয়ার গুরুত্বও তুলে ধরা হয়। শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে নবীন শিক্ষার্থীরা ইউল্যাবের শিক্ষাবান্ধব পরিবেশ ও বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা নেওয়ার সুযোগ পান।

অনুষ্ঠানের শেষ পর্বে ছিল সাংস্কৃতিক আয়োজন। ইমন চৌধুরী অ্যান্ড বেঙ্গল সিম্ফনির বিশেষ সংগীত পরিবেশনার মধ্য দিয়ে নবীনবরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স