ঘরে বসেই বিভিন্ন বিষয়ে দক্ষতা বাড়ানোর সুযোগ দিচ্ছে ব্রিটিশ কাউন্সিল। অনলাইন শিক্ষামাধ্যম FutureLearn-এর মাধ্যমে ব্রিটিশ কাউন্সিলের বিভিন্ন কোর্সে অংশ নেওয়া যাচ্ছে। তালিকাভুক্ত কোর্সগুলোর মধ্যে কয়েকটিতে বর্তমানে বিনা মূল্যে ‘ডিজিটাল আপগ্রেড’ সুবিধাও পাওয়া যাচ্ছে।
FutureLearn-এ ব্রিটিশ কাউন্সিলের জন্য নির্ধারিত পেজে মোট ১১টি কোর্সের তালিকা রয়েছে। এর মধ্যে প্রত্নতত্ত্ববিষয়ক একটি কোর্সের ইংরেজি, আরবি, ফরাসি ও ফারসি—চারটি ভাষার সংস্করণ রয়েছে। ভাষাভিত্তিক সংস্করণগুলো বাদ দিলে আলাদা বিষয় হিসেবে ছয়টি কোর্স পাওয়া যায়।
ফ্রি ডিজিটাল আপগ্রেড কী
FutureLearn-এর নির্দিষ্ট কোর্সে ‘ফ্রি ডিজিটাল আপগ্রেড’ থাকলে সাধারণ বিনামূল্যের অ্যাকসেসের তুলনায় অতিরিক্ত কিছু সুবিধা পাওয়া যায়। এর মধ্যে কোর্সের কনটেন্টে দীর্ঘমেয়াদি প্রবেশাধিকার, কোর্সের সব ধাপ সম্পন্ন করার সুযোগ এবং নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে ডিজিটাল সার্টিফিকেট পাওয়ার সুবিধা থাকতে পারে।
তবে সব কোর্সে একই ধরনের সুবিধা প্রযোজ্য নয়। তাই নিবন্ধনের আগে সংশ্লিষ্ট কোর্সের পেজে ফ্রি অ্যাকসেস ও ডিজিটাল আপগ্রেডের শর্তগুলো দেখে নেওয়া প্রয়োজন।
যেসব কোর্স করা যাবে
১. আন্তসাংস্কৃতিক যোগাযোগ
Communicating across Cultures কোর্সটির মেয়াদ তিন সপ্তাহ। প্রতি সপ্তাহে প্রায় চার ঘণ্টা সময় দিতে হয়। বিভিন্ন সংস্কৃতির মানুষের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সাংস্কৃতিক পার্থক্য বোঝা এবং কার্যকর যোগাযোগের দক্ষতা তৈরিতে কোর্সটি সহায়ক হতে পারে।
২. স্টাডি ইউকে: কর্মজীবনের প্রস্তুতি
Study UK: Preparing for Work কোর্সটির মেয়াদ তিন সপ্তাহ। প্রতি সপ্তাহে প্রায় চার ঘণ্টা সময় দিতে হয়। যুক্তরাজ্যে পড়াশোনা শেষে কর্মজীবনে প্রবেশের প্রস্তুতি, কর্মক্ষেত্রের পরিবেশ এবং প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কে ধারণা পাওয়ার সুযোগ রয়েছে এতে।
৩. যুক্তরাজ্যে পড়াশোনার সময় নিজের সুস্থতা বজায় রাখা
Managing Your Wellbeing When Studying in the UK কোর্সটির মেয়াদ তিন সপ্তাহ। প্রতি সপ্তাহে প্রায় তিন ঘণ্টা সময় দিতে হয়। বিদেশে পড়াশোনার সময় নিজের সুস্থতা, মানিয়ে নেওয়া এবং পড়াশোনার চাপ সামলানোর মতো বিষয়গুলোতে কোর্সটি সহায়তা করতে পারে।
৪. যুক্তরাজ্যে পড়াশোনা ও বসবাসের প্রস্তুতি
Study UK: Prepare to Study and Live in the UK কোর্সটির মেয়াদ চার সপ্তাহ। প্রতি সপ্তাহে প্রায় তিন ঘণ্টা সময় দিতে হয়। যুক্তরাজ্যে উচ্চশিক্ষার পাশাপাশি সেখানে বসবাসের প্রস্তুতি, নতুন পরিবেশে মানিয়ে নেওয়া এবং শিক্ষাজীবন সম্পর্কে প্রয়োজনীয় ধারণা দেওয়া হয় এই কোর্সে।
৫. ঝুঁকিপূর্ণ প্রত্নতত্ত্ব: সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষায় রিমোট সেন্সিংয়ের ব্যবহার
Endangered Archaeology: Using Remote Sensing to Protect Cultural Heritage কোর্সটির মেয়াদ ছয় সপ্তাহ। প্রতি সপ্তাহে প্রায় তিন ঘণ্টা সময় দিতে হয়।
কোর্সটিতে রিমোট সেন্সিং প্রযুক্তি ব্যবহার করে প্রত্নতাত্ত্বিক স্থান শনাক্তকরণ, পর্যবেক্ষণ এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের বিভিন্ন দিক সম্পর্কে শেখার সুযোগ রয়েছে।
৬. উন্নত প্রত্নতাত্ত্বিক রিমোট সেন্সিং
Advanced Archaeological Remote Sensing: Site Prospection, Landscape Archaeology and Heritage Protection in the Middle East and North Africa কোর্সটির মেয়াদ ছয় সপ্তাহ। প্রতি সপ্তাহে প্রায় তিন ঘণ্টা সময় দিতে হয়।
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার প্রত্নতাত্ত্বিক স্থান অনুসন্ধান, ল্যান্ডস্কেপ আর্কিওলজি এবং সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষায় রিমোট সেন্সিং প্রযুক্তির ব্যবহার নিয়ে কোর্সটিতে আলোচনা করা হয়।
যেভাবে নিবন্ধন করবেন
ব্রিটিশ কাউন্সিলের FutureLearn পেজে গিয়ে পছন্দের কোর্সটি নির্বাচন করে নিবন্ধন করা যাবে। FutureLearn-এ ব্রিটিশ কাউন্সিলের কোর্সগুলো দেখুন
কোর্সভেদে শুরু হওয়ার সময়, নিবন্ধনের নিয়ম, ফ্রি অ্যাকসেস এবং ডিজিটাল আপগ্রেডের সুবিধা ভিন্ন হতে পারে। তাই কোর্সে যুক্ত হওয়ার আগে সংশ্লিষ্ট কোর্সের বিস্তারিত তথ্য ও শর্তগুলো যাচাই করে নেওয়া জরুরি।
অনলাইনভিত্তিক হওয়ায় এসব কোর্সে নিজের সুবিধামতো সময়ে অংশ নেওয়ার সুযোগ রয়েছে। বিশেষ করে যুক্তরাজ্যে উচ্চশিক্ষার পরিকল্পনা করছেন এমন শিক্ষার্থী, কর্মজীবনের প্রস্তুতি নিতে আগ্রহী ব্যক্তি এবং নতুন দক্ষতা অর্জন করতে চান—এমন শিক্ষার্থীদের জন্য কোর্সগুলো কাজে লাগতে পারে।
ব্রিটিশ কাউন্সিলের অনলাইন ইংরেজি ও অন্যান্য শিক্ষামূলক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে তাদের ওয়েবসাইটে।