রাজধানীর মুগদার মান্ডায় অবস্থিত পার্ক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের (পিআইএসসি) স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান ও উদ্ভাবন মেলা ‘সায়েন্স অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬’। গত শনিবার আয়োজিত এ মেলায় রাজধানীর বিভিন্ন স্বনামধন্য ইংরেজি ও বাংলা মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়।
মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী তাদের উদ্ভাবিত বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর নানা প্রকল্প প্রদর্শন করে। শিক্ষার্থীদের তৈরি এসব প্রকল্পে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার, নতুন ধারণা এবং সমস্যা সমাধানে তাদের সৃজনশীল চিন্তার প্রতিফলন ঘটে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ এবং সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবিত প্রকল্প সম্পর্কে তাদের সঙ্গে কথা বলেন। পরে বিজয়ী শিক্ষার্থী ও অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের হাতে সম্মাননা মেডেল ও পুরস্কার তুলে দেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে হাবিবুর রশিদ হাবিব বলেন, তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী চিন্তায় উৎসাহিত করার মাধ্যমেই একটি প্রযুক্তিনির্ভর, আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিচর্চায় আরও বেশি সম্পৃক্ত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব উদ্দিন খোকন। উদ্বোধনী সেশনে মূল বক্তা (কি-নোট স্পিকার) হিসেবে বক্তব্য দেন মানবজমিন-এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পার্ক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা বোর্ড অব গভর্ন্যান্সের সদস্য ও প্রধান প্রশাসনিক কর্মকর্তা মো. শাহাবুদ্দিন মোল্লা। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং সুধীজনেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মেলার বিভিন্ন স্টলে শিক্ষার্থীরা তাদের তৈরি বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর প্রকল্প দর্শনার্থীদের সামনে তুলে ধরে। নিজেদের উদ্ভাবনের ধারণা, কার্যপ্রণালি ও সম্ভাব্য ব্যবহার সম্পর্কে তারা অতিথি ও দর্শনার্থীদের অবহিত করে। এতে শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও প্রতিনিধিরাও অংশ নেন।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে পার্ক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহসিন মজুমদার বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের সৃজনশীলতা ও সুপ্ত উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটানোই তাঁদের মূল লক্ষ্য।
তিনি বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহী করে তোলার পাশাপাশি তাদের নতুন কিছু ভাবতে ও বাস্তব সমস্যার সমাধানে উদ্ভাবনী উদ্যোগ নিতে উৎসাহিত করবে। ভবিষ্যতে বিজ্ঞানমনস্ক, সৃজনশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে তরুণ প্রজন্মকে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, শিক্ষার্থীদের বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনচর্চায় উৎসাহিত করার পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকেরা।