ঢাকা

সীতাকুণ্ডে বালুবাহী ট্রাকের ধাক্কায় বিটিসিএল কর্মীর মৃত্যু, আহত পিকআপচালক

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


চট্টগ্রামের সীতাকুণ্ডে বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী অংশে বারৈয়ারঢালা ইউনিয়নের হাক্কানী ফিলিং স্টেশন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. ইমরান। তাঁর বয়স ২৮ বছর। তিনি বগুড়ার কাহালু উপজেলার দক্ষিণ জামগ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় আহত হয়েছেন বিটিসিএলের সরঞ্জাম বহনকারী পিকআপ ভ্যানের চালক মো. জাকির হোসেন (৫০)। তাঁর বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার কাচিয়া গ্রামে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ভোরে হাক্কানী ফিলিং স্টেশনসংলগ্ন মহাসড়কে ইন্টারনেট সংযোগ স্থাপনের কাজে নিয়োজিত ছিলেন বিটিসিএলের কর্মীরা। তাঁদের সরঞ্জাম বহনকারী পিকআপ ভ্যানটি সড়কের পাশে রাখা ছিল।

এ সময় দ্রুতগতিতে আসা একটি বালুবাহী ট্রাক প্রথমে ইমরানকে ধাক্কা দেয়। পরে ট্রাকটি পিকআপ ভ্যানটিতেও আঘাত করে। এতে ঘটনাস্থলেই ইমরানের মৃত্যু হয়। পিকআপের চালকের আসনে থাকা জাকির হোসেন আহত হলে তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. নুরুল আবছার জানান, দুর্ঘটনার পর নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। পরিবারের সদস্যরা এলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ তাঁদের কাছে হস্তান্তর করা হবে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স