ঢাকা

পড়াশোনার পাশাপাশি আয়ের সুযোগ, ইউরোপের যে ১০ দেশে যেতে পারেন শিক্ষার্থীরা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
উচ্চশিক্ষার জন্য ইউরোপ আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে দীর্ঘদিন ধরেই জনপ্রিয় একটি গন্তব্য। তুলনামূলক ভালো শিক্ষার সুযোগের পাশাপাশি অনেক ইউরোপীয় দেশে পড়াশোনার সঙ্গে খণ্ডকালীন কাজ করার সুযোগও রয়েছে। এতে শিক্ষার্থীরা একদিকে যেমন বাস্তব কর্মঅভিজ্ঞতা অর্জন করতে পারেন, অন্যদিকে নিজেদের দৈনন্দিন খরচের একটি অংশও মেটাতে পারেন।

তবে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাজের সুযোগ ও শর্ত সব দেশে এক নয়। কোথাও সাপ্তাহিক কর্মঘণ্টার নির্দিষ্ট সীমা রয়েছে, আবার কোনো কোনো দেশে নির্দিষ্ট সীমা না থাকলেও শিক্ষার্থীদের পড়াশোনাকে অগ্রাধিকার দিতে হয়। একইভাবে ঘণ্টাপ্রতি মজুরিতেও রয়েছে উল্লেখযোগ্য পার্থক্য।

সাপ্তাহিক কর্মঘণ্টা ও গড় মজুরির হিসাব বিবেচনায় পড়াশোনার পাশাপাশি তুলনামূলক বেশি আয় করার সুযোগ রয়েছে—এমন ১০টি ইউরোপীয় দেশের তালিকা নিচে দেওয়া হলো।

১. আইসল্যান্ড

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আইসল্যান্ডে পড়াশোনার পাশাপাশি কাজের সুযোগ রয়েছে। নির্দিষ্ট শর্তে শিক্ষার্থীরা সপ্তাহে সর্বোচ্চ ২২ দশমিক ৫ ঘণ্টা কাজ করতে পারেন।

এ দেশে ঘণ্টাপ্রতি গড় আয় প্রায় ১৬ থেকে ১৮ ইউরো। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ হাজার ৫৩৯ টাকা পর্যন্ত হতে পারে। এই হিসাবে মাসে গড়ে প্রায় ১ হাজার ৬০৬ ইউরো, অর্থাৎ প্রায় ২ লাখ ২৬ হাজার টাকা আয় করা সম্ভব।

২. নরওয়ে

উচ্চ মজুরির জন্য নরওয়েও আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয়। শিক্ষার্থীরা সাধারণত সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘণ্টা কাজ করতে পারেন।

নরওয়েতে ঘণ্টাপ্রতি গড় আয় প্রায় ১৬ দশমিক ৮৬ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার ৩৭৭ টাকা। মাসে গড়ে প্রায় ১ হাজার ৪৯০ ইউরো, অর্থাৎ প্রায় ২ লাখ ১০ হাজার টাকা আয় হতে পারে।

৩. আয়ারল্যান্ড

আয়ারল্যান্ডে শিক্ষার্থীদের কাজের সুযোগ শিক্ষাবর্ষ ও ছুটির সময় অনুযায়ী আলাদা। শিক্ষাবর্ষ চলাকালে সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘণ্টা এবং নির্ধারিত ছুটির সময়ে সপ্তাহে সর্বোচ্চ ৪০ ঘণ্টা কাজ করা যায়।

দেশটিতে ঘণ্টাপ্রতি গড় মজুরি প্রায় ১৩ দশমিক ৫০ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৯০৪ টাকা। মাসে গড়ে প্রায় ১ হাজার ১৭০ ইউরো, অর্থাৎ প্রায় ১ লাখ ৬৫ হাজার টাকা আয় হতে পারে।

৪. ডেনমার্ক

ডেনমার্কেও আন্তর্জাতিক শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কাজের সুযোগ রয়েছে। শিক্ষার্থীরা সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘণ্টা কাজ করতে পারেন।

ঘণ্টাপ্রতি গড় আয় প্রায় ১৪ দশমিক ৭৪ ইউরো, যা প্রায় ১১০ ড্যানিশ ক্রোনা বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার ৭৮ টাকা। মাসে গড়ে প্রায় ৮ হাজার ৫০০ ড্যানিশ ক্রোনা, অর্থাৎ প্রায় ১ হাজার ১৩৮ ইউরো আয় হতে পারে। বাংলাদেশি মুদ্রায় এই পরিমাণ প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা।

৫. যুক্তরাজ্য

যুক্তরাজ্যও আন্তর্জাতিক শিক্ষার্থীদের অন্যতম জনপ্রিয় গন্তব্য। ভিসার শর্ত অনুযায়ী যোগ্য পূর্ণকালীন শিক্ষার্থীদের একটি বড় অংশ শিক্ষাবর্ষ চলাকালে সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘণ্টা কাজ করতে পারেন।

ঘণ্টাপ্রতি গড় মজুরি প্রায় ১২ দশমিক ২১ পাউন্ড, যা প্রায় ১৪ দশমিক ৯ ইউরো বা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ২ হাজার টাকা। এই হিসাবে মাসে প্রায় ৯৭৭ পাউন্ড, অর্থাৎ প্রায় ১ হাজার ১২৭ ইউরো আয় হতে পারে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ লাখ ৫৯–৬০ হাজার টাকা।

৬. সুইডেন

সুইডেনে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অন্যান্য কয়েকটি দেশের মতো নির্দিষ্ট সাপ্তাহিক কর্মঘণ্টার সীমা নেই। তবে পড়াশোনার সঙ্গে সামঞ্জস্য রেখে অনেক শিক্ষার্থী সপ্তাহে প্রায় ২০ ঘণ্টা কাজ করেন।

দেশটিতে মাসিক গড় আয় প্রায় ১২ হাজার ৫০৩ সুইডিশ ক্রোনা, যা প্রায় ১ হাজার ১১৩ ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৫৬ হাজার টাকা।

তবে এখানে পড়াশোনার দায়িত্ব ঠিকভাবে পালন করা এবং কাজের সময়ের সঙ্গে শিক্ষার ভারসাম্য বজায় রাখা গুরুত্বপূর্ণ।

৭. স্পেন

স্পেনে আন্তর্জাতিক শিক্ষার্থীরা নির্দিষ্ট শর্তে সপ্তাহে সর্বোচ্চ ৩০ ঘণ্টা কাজ করতে পারেন। তালিকাভুক্ত দেশগুলোর মধ্যে এটি তুলনামূলক বেশি কর্মঘণ্টার সুযোগ।

ঘণ্টাপ্রতি গড় মজুরি প্রায় ৯ দশমিক ২৬ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৩০৬ টাকা। মাসে গড়ে প্রায় ১ হাজার ১১১ ইউরো, অর্থাৎ প্রায় ১ লাখ ৫৭ হাজার টাকা আয় হতে পারে।

৮. জার্মানি

ইউরোপীয় ইউনিয়নের বাইরের শিক্ষার্থীদের জন্য জার্মানিতে পড়াশোনার পাশাপাশি কাজের সুযোগ রয়েছে। নির্দিষ্ট শর্তে তারা সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘণ্টা কাজ করতে পারেন।

ঘণ্টাপ্রতি গড় আয় প্রায় ১২ দশমিক ৮২ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৮০৮ টাকা। মাসে প্রায় ১ হাজার ১১১ ইউরো, অর্থাৎ প্রায় ১ লাখ ৫৭ হাজার টাকা আয় হতে পারে।

জার্মানিতে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের খণ্ডকালীন কাজের সুযোগ থাকলেও ভিসা ও বসবাসের অনুমতির শর্ত অনুযায়ী কাজের নিয়ম মেনে চলতে হয়।

৯. বেলজিয়াম

বেলজিয়ামে ইউরোপীয় ইউনিয়নের বাইরের শিক্ষার্থীরা শিক্ষাবর্ষ চলাকালে সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘণ্টা কাজ করতে পারেন।

এ দেশে ঘণ্টাপ্রতি গড় মজুরি প্রায় ১২ দশমিক ৮২ ইউরো, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৮০৮ টাকা। মাসে গড়ে প্রায় ১ হাজার ৫৩ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৪৮ হাজার টাকা হতে পারে।

১০. লুক্সেমবার্গ

লুক্সেমবার্গে শিক্ষার্থীদের কাজের সুযোগের ক্ষেত্রে সাপ্তাহিক কর্মঘণ্টার সীমা তুলনামূলক কম। শিক্ষার্থীরা সপ্তাহে সর্বোচ্চ ১৫ ঘণ্টা কাজ করতে পারেন।

তবে কর্মঘণ্টা কম হলেও দেশটিতে ঘণ্টাপ্রতি গড় মজুরি বেশ উঁচু—প্রায় ১৮ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার ৫৩৯ টাকা। মাসিক গড় আয় প্রায় ১ হাজার ৮০ ইউরো, অর্থাৎ প্রায় ১ লাখ ৫২ হাজার টাকা হতে পারে।

আয় দেখেই সিদ্ধান্ত নয়

ইউরোপে পড়াশোনার পাশাপাশি কাজের সুযোগ আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বাড়তি সুবিধা হলেও শুধু ঘণ্টাপ্রতি মজুরি বা সম্ভাব্য মাসিক আয় দেখে দেশ নির্বাচন করা উচিত নয়। শিক্ষার্থীদের জীবনযাত্রার ব্যয়, আবাসন, খাবার, পরিবহন, টিউশন ফি, কর এবং স্বাস্থ্যবিমার খরচও বিবেচনায় নিতে হয়।

এ ছাড়া খণ্ডকালীন কাজ করে পাওয়া আয় সাধারণত শিক্ষার্থীর পুরো শিক্ষাব্যয় বহন করার জন্য যথেষ্ট নয়। কাজের সুযোগ ও কর্মঘণ্টা ভিসা, শিক্ষাপ্রতিষ্ঠান, কোর্সের ধরন এবং স্থানীয় অভিবাসন আইনের ওপরও নির্ভর করতে পারে। ফলে বিদেশে পড়তে যাওয়ার আগে সংশ্লিষ্ট দেশের সরকারি অভিবাসন ও শিক্ষাবিষয়ক নির্দেশনা যাচাই করা জরুরি।

উল্লিখিত আয়গুলো গড় হিসাব। বাস্তবে শিক্ষার্থীর কাজের ধরন, অভিজ্ঞতা, কর্মঘণ্টা, কর এবং স্থানীয় মজুরি কাঠামোর ওপর আয় কমবেশি হতে পারে। বাংলাদেশি টাকার হিসাবও বিনিময় হার পরিবর্তনের সঙ্গে বদলে যাবে।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স