ঢাকা

সৌদি-কাতারের কাছে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা সহযোগিতার অনুরোধ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং

বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা জোরদার, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ নিশ্চিত এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণে সৌদি আরব ও কাতারের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার।

 রিয়াদে অনুষ্ঠিত আন্তর্জাতিক এনার্জি ফোরাম-১৭-এর সাইডলাইনে সৌদি আরবের বিদ্যুৎবিষয়ক সহকারী মন্ত্রী, কাতারের জ্বালানি প্রতিমন্ত্রী এবং আন্তর্জাতিক বিদ্যুৎ ও জ্বালানি কোম্পানি এ্যাকুয়া পাওয়ারের প্রধান নির্বাহীর সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এসকল বৈঠকে দীর্ঘমেয়াদি জ্বালানি চাহিদা পূরণ, এলএনজি আমদানি, ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন, স্থল ও সমুদ্রে গ্যাস অনুসন্ধান এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে গভীর আলোচনা হয়।

বৈঠকের শুরুতে রিয়াদ বিমানবন্দরে সাম্প্রতিক হামলায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করে সৌদি সরকারের সঙ্গে বাংলাদেশের সংহতি পুনর্ব্যক্ত করেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে হামলায় নিহত বাংলাদেশি নাগরিকদের মরদেহ ফেরত ও আহতদের চিকিৎসায় সহযোগিতা কামনা করেন। জবাবে সৌদি মন্ত্রী বাংলাদেশকে ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে উল্লেখ করে বাংলাদেশের জ্বালানি খাত ও সার্বিক উন্নয়নে সৌদি আরবের চলমান সহযোগিতা আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।

অন্যদিকে, কাতারের সঙ্গে বৈঠকে বর্তমান এলএনজি আমদানি ব্যবস্থা পর্যালোচনার পাশাপাশি নতুন দীর্ঘমেয়াদি সরবরাহ চুক্তির বিষয়ে ইতিবাচক আলোচনা হয়। এছাড়া সৌদিভিত্তিক এ্যাকুয়া পাওয়ার বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে সরাসরি বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। সংশ্লিষ্টদের মতে, উচ্চপর্যায়ের এসব সফল আলোচনার মাধ্যমে বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি সংকট দূর হওয়া এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের পথ আরও সুগম হবে।



নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স