কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্তে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে পথ ভুলে নো ম্যানস ল্যান্ডে প্রবেশ করায় এএসআই ইমরান হোসেন ও কনস্টেবল রোহিত দেওয়ানকে আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করেছে স্থানীয় মাদক কারবারিরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে শশীদল ইউনিয়নের সীমান্ত এলাকায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযানকালে নতুন যোগ দেওয়া কনস্টেবল রোহিত দেওয়ান পথ চিনতে না পেরে ভুলবশত বাংলাদেশ-ভারত সীমান্তের ২০৫৯ নম্বর পিলারসংলগ্ন নো ম্যানস ল্যান্ডে প্রবেশ করলে স্থানীয়রা তাকে আটক করেন। সহকর্মীকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান হোসেনও আটকা পড়েন ।
পরবর্তীতে স্থানীয়রা তাদের বিএসএফের হাতে তুলে দেন। বর্তমানে আটক দুই পুলিশ সদস্যকে দ্রুত ও নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঊর্ধ্বতন কর্মকর্তারা যৌথভাবে প্রয়োজনীয় আলোচনা চালিয়ে যাচ্ছেন।