অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন, সাবেক ডিবি (গোয়েন্দা পুলিশ) প্রধান হারুন অর রশীদসহ ১২ জনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। সৎ মা নিশি ইসলামের দায়ের করা মামলায় এ আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্ল্যাহ বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
নিষেধাজ্ঞার আওতায় থাকা অন্যান্য আসামিরা হলেন—ডিএমপির সিটিটিসি ইউনিটের সাবেক এডিসি নাজমুল ইসলাম, শাওনের বাবা ইঞ্জিনিয়ার মো. আলী, বোন মাহিন আফরোজ শিঞ্জন, সেঁজুতি, শিঞ্জনের স্বামী সাব্বির, সুব্রত দাস, মাইনুল হোসেন, পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম ভূঁইয়া, উপ-পরিদর্শক শাহ আলম এবং মোখলেছুর রহমান মিল্টন।
আদালত সূত্র জানায়, মামলাটি বর্তমানে চলমান। মামলার বিচারকাজ চলাকালে যাতে কোনো আসামি দেশত্যাগ করতে না পারেন, সেজন্য দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন জানানো হলে আদালত তা মঞ্জুর করেন।
মামলায় জানানো হয়, ২০২৪ সালের ২১ ফেব্রুয়ারি ইঞ্জিনিয়ার মো. আলী ৫০ লাখ টাকা দেনমোহরে নিশি ইসলামকে বিয়ে করেন। অভিযোগ রয়েছে, মো. আলী তার পূর্বের স্ত্রী ও সন্তানদের কথা গোপন রেখে প্রতারণার মাধ্যমে এই বিয়ে করেন। পরে বিষয়টি জানাজানি হলে শুরু হয় হুমকি ও হামলা।
নিশি ইসলামের অভিযোগ, ৪ মার্চ গুলশানের বাসায় গেলে তিনি মো. আলীর আগের স্ত্রীকে দেখতে পান এবং প্রতারণার বিষয়টি স্পষ্ট হয়। এ সময় উপস্থিত অন্যান্য আসামিরা তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেন।
পরদিন ৫ মার্চ, শাওনসহ অন্য কয়েকজন তার বাসায় গিয়ে জোর করে সাদা কাগজে স্বাক্ষর নেওয়ার চেষ্টা করেন। তিনি অস্বীকৃতি জানালে শাওন তাকে মারধর করেন এবং তিনি অজ্ঞান হয়ে পড়েন। ২৪ এপ্রিল ডিবি অফিসে ডেকে নিয়ে ফের মারধর করা হয় এবং তার বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা নিতে নির্দেশ দেওয়া হয়।
উল্লেখ্য, মামলার ১২ আসামির মধ্যে সাইফুল ইসলাম ভূঁইয়া ও শাহ আলম জামিনে রয়েছেন। বাকি ১০ জন পলাতক, যাদের বিরুদ্ধে গত ২২ এপ্রিল গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে আগামী ১ জুলাই।