ঢাকা

প্লট জালিয়াতিতে হাসিনা-জয়-পুতুলসহ ২৩ জনের বিরুদ্ধে বিচার শুরু

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত
পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করা মামলাগুলোর বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পুত্র সজীব ওয়াজেদ জয় এবং কন্যা সায়মা ওয়াজেদ পুতুলসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

৩১ জুলাই (বৃহস্পতিবার) ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই অভিযোগ গঠনের আদেশ দেন। আগামী ১১ আগস্ট সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে।

দুদক জানায়, পূর্বাচলে নিজের এবং আত্মীয়-স্বজনদের নামে ৬০ কাঠা জমির ছয়টি প্লট বরাদ্দে অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে চলতি বছরের জানুয়ারিতে শেখ হাসিনাসহ ২৩ জনের বিরুদ্ধে মোট ছয়টি মামলা করা হয়। এরপর ২৫ মার্চ আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। অভিযোগপত্রে সকল আসামিকে ‘পলাতক’ হিসেবে উল্লেখ করা হয়।

আদালত ১৩ ও ১৫ এপ্রিল শেখ হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

২০২৪ সালের ৫ আগস্ট গণ-আন্দোলনের মুখে ক্ষমতা হারানোর পর শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। তার পরিবারের অন্যান্য সদস্যরাও দেশের বাইরে রয়েছেন।

দুদকের অনুসন্ধানে উঠে আসে, পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা করে ছয়টি প্লট শেখ হাসিনা ও তার স্বজনদের নামে বরাদ্দে অনিয়ম হয়েছে। এরপর ১২ জানুয়ারি সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে প্রথম মামলা দায়ের করা হয়। পরদিন শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তীর বিরুদ্ধেও মামলা করে দুদক। পরে শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধেও পৃথক দুটি মামলা করা হয়।

সবগুলো মামলায় শেখ হাসিনাকে প্রধান আসামি হিসেবে অন্তর্ভুক্ত করেছে দুর্নীতি দমন কমিশন।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স