ঢাকা

সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজে বৃত্তি পেল ১১৫ মেধাবী শিক্ষার্থী

  • নিউজ প্রকাশের তারিখ : ইং

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত জুনিয়র বৃত্তি পরীক্ষা–২০২৫–এর ফলাফলে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের ১১৫ জন শিক্ষার্থী বৃত্তির জন্য মনোনীত হয়েছে। মেধা ও সাধারণ—দুই ক্যাটাগরিতেই উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে ৪০ জন মেধাবৃত্তি (ট্যালেন্টপুল) এবং ৭৫ জন সাধারণ বৃত্তি অর্জনের জন্য মনোনীত হয়েছে। সাম্প্রতিক প্রকাশিত ফলাফলে এই সাফল্য সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ধারাবাহিক ভালো ফলাফলেরই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রাজধানীর মালিবাগ, বারিধারা, বনানী, মিরপুর, উত্তরা ও শ্যামপুর—এই ছয়টি এলাকায় সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। এর মধ্যে বনানী শাখাটি আন্তর্জাতিক ইংরেজি মাধ্যম হওয়ায় জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নেয়নি। ফলে অন্য পাঁচটি শাখার শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করে এবং সেখান থেকেই মোট ১১৫ জন শিক্ষার্থী বৃত্তির জন্য মনোনীত হয়েছে।

শাখাভিত্তিক ফলাফলে দেখা যায়, মালিবাগ শাখা থেকে সবচেয়ে বেশি শিক্ষার্থী বৃত্তির জন্য নির্বাচিত হয়েছে। এই শাখা থেকে ২৭ জন শিক্ষার্থী মেধাবৃত্তি এবং ৩৫ জন সাধারণ বৃত্তি অর্জন করে মোট ৬২ জন শিক্ষার্থী মনোনীত হয়েছে।

বারিধারা শাখা থেকে ৬ জন শিক্ষার্থী মেধাবৃত্তি এবং ১৬ জন সাধারণ বৃত্তিসহ মোট ২২ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছে। মিরপুর শাখা থেকে ৬ জন মেধাবৃত্তি ও ১৫ জন সাধারণ বৃত্তিসহ মোট ২১ জন শিক্ষার্থী বৃত্তি অর্জনের জন্য মনোনীত হয়েছে।

এ ছাড়া উত্তরা শাখা থেকে ৭ জন শিক্ষার্থী সাধারণ বৃত্তি পেয়েছে। অন্যদিকে শ্যামপুর শাখা থেকে ১ জন শিক্ষার্থী মেধাবৃত্তি এবং ২ জন সাধারণ বৃত্তিসহ মোট ৩ জন শিক্ষার্থী বৃত্তির জন্য মনোনীত হয়েছে।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বলছে, শিক্ষার্থীদের এই সাফল্য শিক্ষক–অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও শিক্ষার মান উন্নয়নের মাধ্যমে এ ধরনের সাফল্যের ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স