ঢাকা

প্রযুক্তি খাতে নতুন চ্যালেঞ্জ নিয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সেমিনার

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ঢাকার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি-তে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সাইবার নিরাপত্তা খাতে দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে আয়োজিত এ সেমিনারের শিরোনাম ছিল—‘এআই অ্যান্ড সাইবার সিকিউরিটি ইন ইন্ডাস্ট্রি: হোয়াই অ্যাডভান্সড স্কিলস ম্যাটার’।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর এলাহী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সভাপতি অধ্যাপক মোহাম্মদ ফরাসউদ্দিন, উপাচার্য অধ্যাপক শামস রহমান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক আহমেদ ওয়াসিফ রেজা এবং সিএসই বিভাগের চেয়ারপারসন মাহীন ইসলাম।

সেমিনারে প্যানেল বক্তা হিসেবে অংশ নেন দেশের প্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞরা। তাঁদের মধ্যে ছিলেন নোঅটোমেশন-এর প্রতিষ্ঠাতা ও সিইও জুনায়েদ কাজী, এসিআই এআই বিজনেস-এর ডিরেক্টর ও সিওও মোহাম্মদ অলি আহাদ, গ্রামীণফোন লিমিটেড-এর হেড অব ইনফরমেশন সিকিউরিটি মুহম্মদ শওকত আলী এবং একই প্রতিষ্ঠানের সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ মোহাম্মদ শাহাদাত হোসেন।

আলোচকেরা বলেন, প্রযুক্তিনির্ভর এই যুগে সাইবার নিরাপত্তা ঝুঁকি দ্রুত বাড়ছে, পাশাপাশি শিল্পক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারও বিস্তৃত হচ্ছে। এ বাস্তবতায় দক্ষ মানবসম্পদ তৈরির বিকল্প নেই। তাঁরা শিক্ষার্থীদের কেবল নির্দিষ্ট কিছু সফটওয়্যার বা টুলসের ওপর নির্ভর না করে মৌলিক ধারণা ও বিশ্লেষণী সক্ষমতা জোরদার করার আহ্বান জানান।

বক্তারা আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক চাকরির বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং’ এবং ‘সাইবার সিকিউরিটি’—এই দুটি ক্ষেত্রে উচ্চতর শিক্ষার সুযোগ সম্প্রসারণ জরুরি। বিশেষ করে শিল্পখাতের চাহিদা অনুযায়ী পাঠ্যক্রম হালনাগাদ এবং ব্যবহারিক দক্ষতা উন্নয়নের ওপর জোর দেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

সেমিনারের শেষাংশে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এ পর্বটি সঞ্চালনা করেন সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রেজওয়ানুল হক।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স