ঢাকা

৯৮ হাজার টাকায় হজ ফ্লাইট পরিচালনার আগ্রহ প্রকাশ করল ইউএস-বাংলা এয়ারলাইনস

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


আগামী ২০২৭ সালের হজ মৌসুমে বাংলাদেশি হজযাত্রীদের জনপ্রতি ৯৮ হাজার টাকায় সৌদি আরবে পরিবহনের প্রস্তাব দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস। সরকারের অনুমোদন সাপেক্ষে এই সেবা চালু করতে আগ্রহের কথা জানিয়ে ধর্ম মন্ত্রণালয়ের সচিবের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছে প্রতিষ্ঠানটি।

এয়ারলাইনসটির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সব শর্ত পূরণ করে কম খরচে হজ ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। তাদের লক্ষ্য হলো, সীমিত আয়ের ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য হজযাত্রাকে আরও সাশ্রয়ী করা।

ইউএস-বাংলা এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) মো. কামরুল ইসলাম বলেন, বিমানভাড়া কমানো গেলে হজের সামগ্রিক ব্যয়ও উল্লেখযোগ্যভাবে কমে আসে। সেই বিবেচনায় যাত্রীদের আর্থিক চাপ কমাতে তারা এই উদ্যোগ নিয়েছেন। তিনি আরও বলেন, এ উদ্যোগকে প্রতিষ্ঠানটি কেবল ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে নয়, বরং সামাজিক দায়িত্ব পালনের অংশ হিসেবেও বিবেচনা করছে।

এ বিষয়ে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, হজযাত্রীদের বিমানভাড়া কমানোর দাবি দীর্ঘদিনের। ইউএস-বাংলার প্রস্তাবটি সংশ্লিষ্ট সভায় আলোচনা করা হবে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

উল্লেখ্য, ২০২৬ সালের হজ মৌসুমে বাংলাদেশি হজযাত্রীদের জন্য জনপ্রতি বিমানভাড়া নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা। বর্তমানে বাংলাদেশ থেকে হজযাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাশাপাশি সৌদি আরবের রাষ্ট্রীয় এয়ারলাইনস সাউদিয়া এবং বেসরকারি এয়ারলাইনস ফ্লাইনাস নিয়মিত ফ্লাইট পরিচালনা করে আসছে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স