ঢাকা

মতিঝিলে সন্ত্রাসী কর্মকাণ্ডে আলোচিত তানিম রেজা গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


রাজধানীর মতিঝিল ও পার্শ্ববর্তী এলাকায় চাঁদাবাজি, গুলিবর্ষণ এবং সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে আলোচিত তানিম রেজা ওরফে বাপ্পীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরেই বিভিন্ন মামলায় তাঁর নাম এলেও তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে ছিলেন। শুক্রবার বিশেষ অভিযানে তাঁকে আটক করা হয়।

পুলিশ জানায়, তানিম রেজার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় অন্তত সাতটি মামলা রয়েছে। মামলার বাইরে আরও একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের তদন্তেও তাঁর সম্পৃক্ততার তথ্য উঠে এসেছে। মতিঝিল, মগবাজার, মালিবাগ, কমলাপুরসহ আশপাশের এলাকায় সংঘটিত কয়েকটি আলোচিত ঘটনায় তাঁর নাম পাওয়া গেছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রের দাবি, দক্ষিণ কমলাপুরে কোরবানির পশুর হাটের ইজারা কেন্দ্রিক বিরোধের জেরে ঈদুল আজহার আগে ইজারাদার মো. ইসমাইল হোসেনের কার্যালয়ে গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা মামলার তদন্তে তানিম রেজার সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। ওই ঘটনার পর থেকেই তাঁকে নজরদারিতে রাখা হয়েছিল।

পুলিশের ভাষ্য, বিভিন্ন সময় তিনি শীর্ষ সন্ত্রাসীদের সহযোগী হিসেবে কাজ করেছেন বলে তথ্য পাওয়া গেছে। আত্মগোপনে থেকে নানা কৌশলে গ্রেপ্তার এড়িয়ে গেলেও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে শেষ পর্যন্ত তাঁকে আটক করা সম্ভব হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ জানান, কমলাপুর-টিটিপাড়া এলাকায় পশুর হাটসংক্রান্ত গুলির ঘটনার তদন্তে তানিম রেজার সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়। পাশাপাশি সংঘবদ্ধ অপরাধী চক্রের সঙ্গে তাঁর যোগাযোগের বিষয়েও তথ্য রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাঁর বিরুদ্ধে চলমান মামলাগুলোর তদন্তও এগিয়ে নেওয়া হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স