সময় মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক এবং অন্যান্য পরিচালকদের বিরুদ্ধে দায়ের করা একটি মামলার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছেন হাইকোর্ট। রোববার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন এবং একই সঙ্গে একটি রুল জারি করেন।
রুলে আদালত জানতে চেয়েছেন, কেন মামলার কার্যক্রম বাতিল ঘোষণা করা হবে না। পাশাপাশি মামলার কার্যক্রম এক মাসের জন্য স্থগিত রাখা হয়েছে। পরবর্তী শুনানির জন্য আগামী ৪ আগস্ট তারিখ নির্ধারণ করা হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, সময় মিডিয়ার সাবেক ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়ের প্রতিষ্ঠানের পক্ষে ‘সানী চৌধুরী’ নামের এক ব্যক্তিকে লেটার অব অথরিটি প্রদান করে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে গত ৯ জুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন।
পরে সময় মিডিয়া লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ জোবায়ের আহমেদ ওই মামলার কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন। আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির এবং তাঁর সঙ্গে ছিলেন আইনজীবী মোহাম্মদ সাদ্দাম হোসেন।
শুনানি শেষে আইনজীবী শিশির মনির সাংবাদিকদের জানান, আহমেদ জোবায়ের সময় টেলিভিশনের পক্ষে মামলা করলেও প্রতিষ্ঠানটি তাঁকে এ ধরনের মামলা করার জন্য কোনো লেটার অব অথরিটি বা ক্ষমতা প্রদান করেনি। পরবর্তীতে সময় টেলিভিশন লিমিটেড নিজেই আদালতে আবেদন করে জানায় যে তারা মামলাটি পরিচালনা করতে চায় না এবং তা প্রত্যাহার করতে ইচ্ছুক।
তবে নিম্ন আদালত সেই আবেদন খারিজ করে দেয়। এরপর ফৌজদারি কার্যবিধির ৫৬১(এ) ধারায় হাইকোর্টে আবেদন করা হয়।
মামলায় উল্লেখিত ঘটনাগুলোর সময়কাল ২০২৪ সালের ১ ও ২ সেপ্টেম্বর থেকে শুরু করে বিভিন্ন সময়, সর্বশেষ গত ২১ মে ও ১ জুন পর্যন্ত। মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন সময় মিডিয়া লিমিটেডের সাবেক হেড অব মার্কেটিং মো. আহসানুল ইসলাম, সাবেক সিনিয়র ম্যানেজার (মার্কেটিং) আয়েশা সিদ্দিকা, সাবেক চেয়ারম্যান মো. হাসান, সাবেক পরিচালক মো. মোর্শেদুল ইসলাম এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক শম্পা রহমান।