যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের হার্ভার্ড একাডেমি স্কলারস প্রোগ্রাম ২০২৭-এর জন্য আবেদন শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের যোগ্য গবেষকেরা সম্পূর্ণ অর্থায়নের এই মর্যাদাপূর্ণ ফেলোশিপে আবেদন করতে পারবেন। নির্বাচিত গবেষকেরা হার্ভার্ডে দুই বছর মেয়াদি পোস্টডক্টরাল ফেলোশিপ করার সুযোগ পাবেন। পাশাপাশি আন্তর্জাতিক মানের গবেষণা পরিবেশে কাজ করা, বিশ্বখ্যাত গবেষকদের সঙ্গে মতবিনিময় এবং গবেষণা নেটওয়ার্ক সম্প্রসারণের সুযোগও মিলবে।
এই ফেলোশিপের আওতায় নির্বাচিত প্রত্যেক গবেষককে প্রতি বছর ৮০ হাজার মার্কিন ডলার স্টাইপেন্ড দেওয়া হবে। এ ছাড়া গবেষণা পরিচালনার জন্য বছরে অতিরিক্ত ৬ হাজার মার্কিন ডলার পর্যন্ত গবেষণা অনুদান দেওয়া হতে পারে। প্রতিবছর সাধারণত পাঁচ থেকে ছয়জন গবেষক এ কর্মসূচির জন্য নির্বাচিত হন।
কারা আবেদন করতে পারবেন
বিশ্বের যেকোনো দেশের গবেষকেরা এ ফেলোশিপে আবেদন করতে পারবেন। আবেদনকারীর শিক্ষাজীবনে ভালো একাডেমিক ফলাফল থাকতে হবে। বিদেশি ভাষাজ্ঞান, আন্তর্জাতিক ইতিহাস এবং বিভিন্ন সংস্কৃতি বিষয়ে দক্ষ আবেদনকারীরা অগ্রাধিকার পাবেন।
আবেদনকারীর পিএইচডি ডিগ্রি ৩১ জুলাই ২০২৬-এর পর সম্পন্ন হতে হবে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ২০২৬ সালের ডিসেম্বরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সরাসরি সাক্ষাৎকারে অংশ নিতে হবে। সাক্ষাৎকারে অংশ নেওয়ার জন্য যাতায়াত ও হোটেলে থাকার ব্যয় বহন করবে হার্ভার্ড একাডেমি।
আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনপত্র পূরণ করে নিম্নোক্ত কাগজপত্র জমা দিতে হবে—
জীবনবৃত্তান্ত (সিভি/রিজিউমে)
একাডেমিক ট্রান্সক্রিপ্ট
গবেষণার আগ্রহ ও পরিকল্পনা নিয়ে স্টেটমেন্ট অব রিসার্চ ইন্টারেস্টস
একটি গবেষণাধর্মী রাইটিং স্যাম্পল
তিনটি রেকমেন্ডেশন লেটার
ফেলোশিপের সুবিধা
নির্বাচিত গবেষকেরা যেসব সুবিধা পাবেন—
বছরে ৮০ হাজার মার্কিন ডলার স্টাইপেন্ড
হার্ভার্ড একাডেমি ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড এরিয়া স্টাডিজে দুই বছর গবেষণার সুযোগ
গবেষণা ও ভ্রমণ ব্যয়ে আর্থিক সহায়তা
উন্নত গবেষণা অবকাঠামো ও একাডেমিক সুবিধা
স্বাস্থ্যবিমার সুবিধা
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের হার্ভার্ড একাডেমি স্কলারস প্রোগ্রামের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার আগে যোগ্যতা, প্রয়োজনীয় নথি এবং কর্মসূচির বিস্তারিত নির্দেশনা ভালোভাবে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আবেদনের শেষ সময়: ১৮ সেপ্টেম্বর ২০২৬।
হার্ভার্ড একাডেমির ওয়েবসাইটে কর্মসূচির বিস্তারিত তথ্য, যোগ্যতা এবং আবেদনপদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।