ঢাকা

জাপানের সঙ্গে অংশীদারত্ব আরও জোরদারের আহ্বান বিমানমন্ত্রীর

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেছেন, বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্ব পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। তিনি বলেন, বিভিন্ন সংকটময় সময়ে জাপান বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘জাপান–বাংলাদেশ বিজনেস উইমেন কনফারেন্স’-এ প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

আফরোজা খানম জানান, অবকাঠামো, প্রযুক্তি এবং বিনিয়োগসহ নানা ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা ক্রমেই বিস্তৃত হচ্ছে। ভবিষ্যতেও অর্থনৈতিক উন্নয়ন ও টেকসই প্রবৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ও জাপান একযোগে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নারীর ক্ষমতায়নের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময় নারীদের জন্য মাধ্যমিক পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার উদ্যোগ নারীশিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়।

তিনি আরও বলেন, সেই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ডিগ্রি পর্যায় পর্যন্ত নারীদের জন্য অবৈতনিক শিক্ষার ঘোষণা দিয়েছেন। শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ নিশ্চিত করে একটি সমতাভিত্তিক ও উন্নত বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত, জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো)-এর প্রতিনিধি, জাপান–বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও নারী উদ্যোক্তারা অংশ নেন।

সম্মেলনে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, নারী উদ্যোক্তাদের সক্ষমতা উন্নয়ন এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতার নতুন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স