উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় যেতে আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় সুযোগ নিয়ে এসেছে মোনাশ বিশ্ববিদ্যালয় (Monash University)। ২০২৬–২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়টি স্নাতকোত্তর (Research Master's) ও পিএইচডি (PhD) প্রোগ্রামে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য পূর্ণ অর্থায়নের স্কলারশিপ প্রদান করবে। আগ্রহীদের আগামী ৩১ জুলাই ২০২৬-এর মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
১৯৫৮ সালে প্রতিষ্ঠিত মোনাশ বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়ার অন্যতম শীর্ষ গবেষণাভিত্তিক পাবলিক বিশ্ববিদ্যালয়। প্রথম বিশ্বযুদ্ধের বিখ্যাত সেনা কর্মকর্তা জেনারেল স্যার জন মোনাশের নামে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাস মেলবোর্নে অবস্থিত। বিশ্ব র্যাঙ্কিংয়ে নিয়মিতভাবে শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে থাকা এই প্রতিষ্ঠান আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য গবেষণাভিত্তিক উচ্চশিক্ষায় নানা ধরনের বৃত্তি দিয়ে থাকে।
যাঁরা আবেদন করতে পারবেন
স্কলারশিপের জন্য আবেদন করতে হলে প্রার্থীদের কয়েকটি শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে—
আবেদনকারীকে আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।
একাডেমিক ফলাফল সন্তোষজনক ও প্রতিযোগিতামূলক হতে হবে।
মোনাশ বিশ্ববিদ্যালয়ের গবেষণাভিত্তিক স্নাতকোত্তর বা পিএইচডি প্রোগ্রামে ভর্তি বা অফার লেটার থাকতে হবে।
গবেষণার অভিজ্ঞতা থাকলে তা অগ্রাধিকার হিসেবে বিবেচিত হবে।
ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ হিসেবে আইইএলটিএসে ন্যূনতম ৬.৫ বা সমমানের টোয়েফল স্কোর জমা দিতে হবে।
বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অন্যান্য ভর্তি ও স্কলারশিপ-সংক্রান্ত শর্ত পূরণ করতে হবে।
যেসব কাগজপত্র লাগবে
আবেদনের সময় প্রার্থীদের নিম্নোক্ত নথিপত্র জমা দিতে হবে—
বৈধ পাসপোর্টের কপি
পাসপোর্ট সাইজের ছবি
একাডেমিক সনদ ও ট্রান্সক্রিপ্ট
মোটিভেশন লেটার
গবেষণা প্রস্তাব (Research Proposal)
রেফারেন্স বা সুপারিশপত্র
হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি)
আইইএলটিএস বা টোয়েফলের স্কোরকার্ড
যেসব সুবিধা পাবেন নির্বাচিত শিক্ষার্থীরা
নির্বাচিত শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের আওতায় বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা দেওয়া হবে। এর মধ্যে রয়েছে—
সম্পূর্ণ টিউশন ফি বহন
আবাসন ব্যয় ও প্রয়োজনীয় রিলোকেশন ভাতা
নিয়মিত লিভিং অ্যালাউন্স
বই ও অন্যান্য কোর্স-সংক্রান্ত উপকরণের খরচ
স্বাস্থ্যবিমা বা স্বাস্থ্যসেবা-সংক্রান্ত সুবিধা
আবেদন করবেন যেভাবে
আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপদ্ধতি, প্রয়োজনীয় নির্দেশনা এবং স্কলারশিপের বিস্তারিত শর্তাবলি মোনাশ বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।
আবেদনের শেষ সময় ৩১ জুলাই ২০২৬। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় নথিপত্রসহ আবেদন সম্পন্ন করার পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গবেষণাভিত্তিক উচ্চশিক্ষায় আন্তর্জাতিক পর্যায়ে ক্যারিয়ার গড়তে আগ্রহী বাংলাদেশিসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।