ঢাকা

টেলিভিশন নাটকের কিংবদন্তি নির্মাতা মুস্তাফিজুর রহমান আর নেই

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


বাংলাদেশের টেলিভিশন অঙ্গনের বরেণ্য নির্মাতা, প্রযোজক এবং বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাপরিচালক মুস্তাফিজুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।

পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে তিনি শুধু ডায়াবেটিসে ভুগছিলেন। অন্য কোনো জটিল শারীরিক সমস্যা ছিল না। ঘটনার দিনও তিনি স্বাভাবিকভাবে কথা বলছিলেন। পরে বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকেরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে।

মুস্তাফিজুর রহমানের দুই ছেলে বর্তমানে বিদেশে বসবাস করছেন। বড় ছেলে কানাডার টরন্টো এবং ছোট ছেলে অস্ট্রেলিয়ার সিডনিতে কর্মরত। তাঁদের দেশে ফেরার পর পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী দাফনের সময়সূচি নির্ধারণ করা হবে। আপাতত তাঁর মরদেহ রাজধানীর একটি হাসপাতালের হিমঘরে সংরক্ষণ করা হয়েছে।

১৯৪৩ সালের ২৭ জানুয়ারি ঢাকায় জন্ম নেওয়া মুস্তাফিজুর রহমান দেশের টেলিভিশন নাটকের বিকাশে অসামান্য অবদান রেখে গেছেন। তাঁর নির্মাণ ও প্রযোজনায় তৈরি ‘সকাল সন্ধ্যা’, ‘এইসব দিনরাত্রি’ এবং ‘শঙ্খনীল কারাগার’-এর মতো জনপ্রিয় নাটক বাংলা নাটকের ইতিহাসে স্থায়ী জায়গা করে নিয়েছে।

প্রশাসনিক দায়িত্বেও তিনি ছিলেন সমান সফল। বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দেশের বেসরকারি টেলিভিশন খাতের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বাংলাভিশন ও গাজী টিভির প্রতিষ্ঠা ও সম্প্রচার ব্যবস্থার উন্নয়নে তাঁর অবদান বিশেষভাবে স্মরণীয়।

গণমাধ্যমে নতুন প্রজন্মের নির্মাতা, প্রযোজক ও উপস্থাপকদের গড়ে তুলতেও তিনি ছিলেন অনুপ্রেরণার নাম। তাঁর সৃজনশীলতা, নেতৃত্ব এবং কর্মনিষ্ঠা বাংলাদেশের টেলিভিশন জগতের জন্য দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স