ঢাকা

পর্যটন শিল্পকে আরও শক্তিশালী করতে নানা উদ্যোগ নিচ্ছে সরকার: পর্যটনমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


দেশের পর্যটন খাতকে টেকসইভাবে এগিয়ে নিয়ে গিয়ে জাতীয় অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তিতে পরিণত করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।

রোববার রাজধানীর গুলশানে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, সরকারের পরিকল্পনা অনুযায়ী দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) পর্যটন খাতের অবদান উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে ৬ থেকে ৭ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ উদ্দেশ্যে পর্যটন খাতের নির্ভরযোগ্য তথ্যভান্ডার গড়ে তুলতে দেশব্যাপী ট্যুরিজম স্যাটেলাইট অ্যাকাউন্ট (টিএসএ) বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এই কার্যক্রম সফল করতে টোয়াবসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সহযোগিতাও কামনা করেন তিনি।

তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে থাকা ১ হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণকে অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত ট্যুরিজম মাস্টার প্ল্যান প্রণয়নের কাজ চলছে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে দীর্ঘমেয়াদে পর্যটন শিল্পের উন্নয়ন আরও সুসংগঠিত হবে।

আফরোজা খানম আরও বলেন, বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারকে আন্তর্জাতিক মানের আঞ্চলিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার ওপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। তাঁর মতে, নতুন আন্তর্জাতিক বিমানবন্দর চালু হওয়ার ফলে বিদেশি পর্যটক আকর্ষণ এবং পর্যটনভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড আরও বিস্তৃত হবে।

নবনির্বাচিত টোয়াব নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী আশা প্রকাশ করেন, তারা দেশের পর্যটন শিল্পের উন্নয়ন ও নতুন সম্ভাবনা কাজে লাগাতে কার্যকর ভূমিকা রাখবেন।

প্রবাসী বাংলাদেশিদের জন্যও সুখবর দিয়ে তিনি জানান, রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল ও মোটেলগুলোতে তাঁদের জন্য বিশেষ মূল্যছাড় চালুর বিষয়টি সরকার বিবেচনা করছে, যাতে দেশে এলে তারা আরও সহজে পর্যটনসেবা গ্রহণ করতে পারেন।

অনুষ্ঠানে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ও সচিব নাজনীন কাউছার চৌধুরী, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. শামীমুজ্জামান, বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইন, শ্রীলঙ্কা ও ব্রুনাইয়ের কূটনীতিক, নেপাল ও পাকিস্তান দূতাবাসের প্রতিনিধিসহ পর্যটন খাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স